‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ প্রতিযোগিতার প্রথম আসরের সেরা দশে ছিলেন আশিক। গত সপ্তাহে এসেছে তাঁর তৃতীয় একক অ্যালবাম। নাম বাউলা। বাজারে এনেছে লেজার ভিশন। কথা হলো আশিকের সঙ্গে। অ্যালবামের নাম ‘বাউলা’ কেন?অ্যালবামটির সব গানই বাউল ধাঁচের। তাই নাম রেখেছি বাউলা। দুরবীন শাহ্, রাধারমণ, কারি আমীর উদ্দিন, বিদিত লাল দাসের গান করেছি এখানে। আরেকটি কথা, অ্যালবামটি বিদিত লাল দাসকে উৎসর্গ করেছি।কেন?বছর কয়েক আগে সিলেটের একটি অনুষ্ঠানে বিদিত লাল দাসের সঙ্গে দেখা হয়েছিল। লোকগান করছি জেনে খুশি হয়ে তিনি আমাকে আশীর্বাদ করেন। সিলেট অঞ্চলের লোকগানের এই কিংবদন্তির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে অ্যালবামটি তাঁকে উৎসর্গ করেছি। আপনি লোকগানের প্রতি আগ্রহী হলেন কবে থেকে?ছোটবেলা থেকে গান শিখেছি সুনামগঞ্জে প্রদীপ চন্দ ও দেবদাস চৌধুরীর কাছে। শুরুতে আধুনিক গান বেশি করতাম। সুনামগঞ্জের তৎকালীন মেয়র মরহুম দেওয়ান মোমিনুল মউজদীন আমাকে লোকগান গাওয়ার জন্য উৎসাহ দেন। তারপর কখন যে লোকগানের সঙ্গে জড়িয়ে যাই, টেরই পাইনি। আপনার দ্বিতীয় অ্যালবাম উজানঢল (২০১০) ছিল শাহ আবদুল করিমের গান নিয়ে। আগামী দিনে তাঁর গান নিয়ে আরও কিছু করার ইচ্ছা আছে?গান শেখার জন্য আমি ১৪ বছর সুনামগঞ্জে ছিলাম। তখন শাহ আবদুল করিমের গান আমাকে নানাভাবে অনুপ্রাণিত করে। তখন উজানঢল অ্যালবামটি করার পরিকল্পনা করি। বাউলার পর এবার হাসনরাজা, রাধারমণ ও দুরবীন শাহেক নিয়ে আলাদা তিনটি অ্যালবাম করব।