সব কবিতা থেকে গান হয় না: লোপামুদ্রা মিত্র

লোপামুদ্রা মিত্র—পশ্চিমবঙ্গের শিল্পী। দেশ টিভির ঈদ আয়োজনে গান করতে ঢাকায় এসেছিলেন। ক্লোজআপ কলের গান অনুষ্ঠানে সোমবার রাতে গান ও কথায় বাংলাদেশের শ্রোতাদের মাতিয়েছেন তিনি। মঙ্গলবার বিকেলের ফ্লাইটে ঢাকা ছেড়েছেন লোপামুদ্রা। কলকাতা যাওয়ার আগে দুপুরে ঢাকা ক্লাবের অতিথিশালায় সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। গান করতে ঢাকায় আসা, গান নিয়ে ভাবনা, এপার-ওপার বাংলাসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন তিনি। লোপামুদ্রার আলাপচারিতার অংশটুকু পাঠকদের জন্য তুলে ধরেছেন মনজুর কাদের।
সাধারণত আপনার গানে মধ্যবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত সমাজের সংগ্রামের প্রতিচ্ছবি বেশি দেখা যায়।এটা কি সচেতনভাবেই করেছেন, নাকি ভেতরের কোনো তাগিদে?
বারো কি তেরো বছর বয়সে আমি যখন গান শুরু করি, বিষয়টা তখন মাথাতেও ছিল না। যিনি কাজটা করতেন, তিনি হলেন সমীর চট্টোপাধ্যায়। মূলত কবিতা থেকে যখন গান করা শুরু করেছি, তিনি তখন কবিতাগুলো খুঁজতেন এবং তাতে সুর করতেন। তাঁর সঙ্গে থাকতে থাকতে আমার পছন্দও যেন খানিকটা সেরকমই হয়ে গেছে। আমি মনে করি, আমি যা গাই, তা অনেকটাই সমীর চট্টোপাধ্যায়ের ছায়া। তিনি নিজে গাইতেন না। তবে সুর করতে পছন্দ করেন। তিনি পেছনের মানুষ। সামনে আসতেও খুব একটা পছন্দ করেন না। তাই জনপ্রিয়তাটা আমি একটু বেশি পেয়েছি।
বাংলাদেশের লোকগান নিয়ে আপনার কাজ করার ইচ্ছের কথা শুনেছিলাম, তার কোনো অগ্রগতি?
লোকগান নিয়ে আমি খুব একটা চর্চা করিনি। ছোটবেলা থেকেই শুনেছি যে লোকগান আমার কণ্ঠে খুব ভালো মানায়। লোকগান করার জন্য সমাজজীবন থেকে যে শিক্ষাটা দরকার, তা আমার নেই। আমার খুব ইচ্ছে লোকগানের চর্চাটা বাড়ানোর। তবে ঢাকায় আমি জানিয়ে যেতে চাই, বাংলাদেশের গীতিকবি বিজয় সরকারের গান নিয়ে কাজ করতে চাই। শুধু তা-ই নয়, তাঁকে জানতে চাই এবং তাঁর গান সম্পর্কেও অনেক বেশি জানতে চাই। আমাদের ওখানে বিজয় সরকারকে খুব অল্প মানুষ চিনেছে। অথচ লোকগানের এত শক্তিশালী একটা জায়গা, যেখান থেকে বিজয় সরকারকে নিয়ে অনেক কিছুই করা সম্ভব।
আর কবিতা থেকে গান করার বিষয়টা...
ওই যে বলছিলাম, যেভাবে সমাজ চলছে তার সঙ্গে গান করার কোনো মিল খুঁজে পাচ্ছিলাম না। তখন কিছু কবিতার আশ্রয় করতে হয়েছে। কিন্তু এটাও মাথায় রাখতে হতো, যেন ভাষার মূল্যবোধ নষ্ট না হয়। এরপর সমীর চট্টোপাধ্যায় নিজেও লিখতেন। তারপর কিছু কিছু গীতিকবিকেও পেয়েছি, যেমন সৈকত কুণ্ডু, তপন সিনহা। কিন্তু সব কবিতা থেকে গান করা যায় না। এটার একটা সীমাবদ্ধতা আছে।
আপনার মামাবাড়ি বাংলাদেশের মাগুরায়।যোগাযোগটা কেমন?
মামার সঙ্গে যোগাযোগটা বেশি। আমার বাবা জলকে ভীষণ ভয় পেতেন। সে জন্য আমার বাবা যত দিন বেঁচে ছিলেন, কখনো সাঁতার কাটিনি। এমনকি তিনি আমাকে ইছামতি পার হয়ে আসতেও দেননি। তবে আমি খুব শিগগির মাগুরায় আসছি।
হিন্দি ছবির গানের আগ্রাসন ও বাংলা গানের চর্চা...
এটা কিন্তু সত্যি যে হিন্দি গানের কারণে বাংলা গানের চর্চার ক্ষেত্রে মারাত্মকভাবে বিঘ্ন ঘটছে। এখানে (বাংলাদেশে) যেমন বাংলাটা মাতৃভাষা, আমাদের (কলকাতায়) ওখানে বাংলা কিন্তু আঞ্চলিক ভাষা। আমার কাছে ভাষাটা হচ্ছে আমার ‘মা’। এটাকে আমি যেভাবেই হোক এগিয়ে নিয়ে যাবই। আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো অনুষ্ঠানে বাংলা ছাড়া অন্য কোনো গান করিনি। তবে আমি আগ্রাসনটা বিশ্বাসও করি না। তবে চাপ তো খানিকটা আছে। এত বড় একটা ভাষা, অনেক জোর তার, অনেক বড় ইন্ডাস্ট্রি, সেখানে কাজ করাটা তো সত্যিই একটু কঠিন।
কলকাতার অডিও ইন্ডাস্ট্রির বাস্তবতা...
বেসিক জায়গাটা খুব খারাপ হচ্ছে। আমাদের সৌভাগ্য ছিল আমরা কিছুটা হলেও অডিও ইন্ডাস্ট্রির ভালো সময়টা পেয়েছি। তখন অ্যালবাম হিট করতে পেরেছি। এখন কিন্তু পাইরেসি আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। এই পাইরেসি ইন্ডাস্ট্রিটাকে নষ্ট করে দিচ্ছে। আরেকটা ক্ষতিকর হচ্ছে, ইন্টারনেটে ফ্রি ডাউনলোড। এটাও অনেক বেশি ক্ষতি করছে অডিও ইন্ডাস্ট্রিকে। প্রশাসনিকভাবে এর রক্ষার কাজে এগিয়ে না এলে এত বড় ইন্ডাস্ট্রি কিন্তু ধ্বংস হয়ে যাবে।
বাংলা গানের শিল্পী হিসেবে নিজেকে কোথায় বেশি জনপ্রিয় মনে করেন...
ঢাকায় এখনো টের পাইনি। এবারই প্রথম সরাসরি কোনো গানের অনুষ্ঠানে অংশ নিলাম। তবে দেশ টিভির অনুষ্ঠানে যেভাবে এখানকার মানুষের ফোন পেয়েছি এবং ফেসবুকে যে রেসপনস আঁচ করতে পেরেছি, তাতে কিন্তু খারাপ মনে হচ্ছে না। তবে এটা ঠিক, পশ্চিমবঙ্গের মানুষজন আমাকে চেনেন অনেক বেশি।
বাংলাদেশের অনেকেই আপনার গান শোনেন, আপনার কি তেমন কারও গান শোনা হয়...
কৃষ্ণকলি, অর্ণব, সায়ান এঁদের গান শুনি। ব্যান্ডের গানও শোনা হয়। লোকগান নিয়ে যাঁরা কাজ করেন, তাঁদের সঙ্গেও থাকার চেষ্টা করি। আর রবীন্দ্রনাথের গান যাঁরা গান, তাঁদের তো ভালো করেই চিনি।
বিশেষ বিশেষ দিবসে আমরা আপনাদের কাছে পাই।কিন্তু আপনাদের ওখানে বিশেষ দিবসে আমাদের শিল্পীদের পাই না কেন?
আমার মনে হয় রবীন্দ্রনাথের গানের ক্ষেত্রে দুই বাংলার শিল্পীদের বিশেষভাবে পাই। তবে এটা ঠিক আধুনিক গানের ক্ষেত্রে তা পাওয়া যায় না। আমার মনে হয়, ওটা আমাদের দেশের সাধারণ মানুষের কাছে এটার প্রচারটা দরকার। আমাদের ওখানে এখন যাঁরা গান করছেন, তাঁদের ক্ষেত্রে এর প্রচারটা কম। আমাদের এখানকার টেলিভিশন চ্যানেলগুলো সিরিয়ালের দিকে ঝোঁকটা একটু বেশি। বাংলা গান নিয়ে কাজটা একটু কম। এমনকি আমাদের নিয়েও কাজটা কম হয়। তাই লড়াইটা করতে হয় একটু বেশি। তবে এ ক্ষেত্রে বাংলাদেশ থেকে উদ্যোগ নিতে হবে।