সব কালেই থিয়েটার ছিল, থাকবে চিরকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহিলা সমিতি মিলনায়তনে গতকাল বিশ্বনাট্য দিবস উপলক্ষে সম্মাননা দেওয়া হয় ফেরদৌসী মজুমদারকে (ডানে), অনুষ্ঠানে পালাশিল্পী ইসলাম উদ্দিন পরিবেশন করেন কমলা রানীর সাগর দীঘি পালা l ছবি হাসান রাজা
মহিলা সমিতি মিলনায়তনে গতকাল বিশ্বনাট্য দিবস উপলক্ষে সম্মাননা দেওয়া হয় ফেরদৌসী মজুমদারকে (ডানে), অনুষ্ঠানে পালাশিল্পী ইসলাম উদ্দিন পরিবেশন করেন কমলা রানীর সাগর দীঘি পালা l ছবি হাসান রাজা

থিয়েটার আমাদের কাছে কী?
থিয়েটার হলের সোনালি পাত মোড়ানো গ্যালারি ও ব্যালকনি, ভেলভেটের আসন, মলিন ড্রয়িং, অভিনেতার চর্চিত কণ্ঠস্বর কিংবা উল্টোটা; যা দেখায় অন্য রকম: কাদা আর রক্তমাখা কালো বাক্স, এর মধ্যে কিছু ক্রুদ্ধ নিরাভরণ মানুষ।
সে ক্ষেত্রে থিয়েটার আমাদের কী বলতে পারে?
সমস্ত কিছু!...কীভাবে অ্যাপার্টমেন্টের খুপরিতে বাস করছে মানুষ, আর শিশুরা শরণার্থীশিবিরে ঢলে পড়ছে মৃত্যুর কোলে...দিনের পর দিন আমাদের মেনে নিতে হচ্ছে প্রিয়জনের সঙ্গে বিচ্ছেদ—এসব কিছু বলতে পারে থিয়েটার। সব কালেই থিয়েটার ছিল; থাকবে চিরকাল।
এ বক্তব্য মস্কো স্কুল অব ড্রামাটিক আর্টসের প্রতিষ্ঠাতা আনাতোলি ভাসিলিয়েভের। ২৭ মার্চ ছিল বিশ্ব নাট্য দিবস। এ উপলক্ষে দেওয়া বাণীতে এমন মন্তব্য করেন রাশিয়ান থিয়েটার অধ্যাপক। প্রাবন্ধিক মফিদুল হকের অনূদিত এ বাণীটি গতকাল সন্ধ্যায় যখন নাট্যজন লাকী ইনাম পড়ছিলেন, মহিলা সমিতির নতুন ভবনের সুপরিসর মিলনায়তনটির ওপর-নিচে সবগুলো আসন পূর্ণ। যৌথভাবে নাট্য দিবসের অনুষ্ঠানের আয়োজন করেছিল ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই), শিল্পকলা একাডেমি, গ্রুপ থিয়েটার ফেডারেশন ও পথনাটক পরিষদ।
এদিন সম্মাননা জানানো হয় বরেণ্য অভিনয়শিল্পী ফেরদৌসী মজুমদারকে। আয়োজনে বিশ্ব নাট্য দিবসের বাণী পাঠ করা হয়। এর আগে অনুষ্ঠানের অংশ হিসেবে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সামনে নাট্যকর্মী তনু হত্যাকাণ্ডের বিচারের দাবিতে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ। সমাবেশ শেষে তনু হত্যার প্রতিবাদে বের হওয়া শোভাযাত্রা মহিলা সমিতি মঞ্চে গিয়ে শেষ হয়।
জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় মহিলা সমিতি মঞ্চের অনুষ্ঠান। এরপর বিশ্ব নাট্য দিবসের বাণী পাঠ করেন অভিনয়শিল্পী লাকী ইনাম। বক্তৃতা করেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামান।
ফেরদৌসী মজুমদারের হাতে এ বছরের বিশ্ব নাট্য দিবসের সম্মাননা তুলে দেন আইটিআই বাংলাদেশ কেন্দ্রের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ। ফুল দিয়ে শুভেচ্ছা জানান ফেডারেশনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ঝুনা চৌধুরী। সম্মাননার অর্থমূল্য প্রদান করেন আইটিআই বাংলাদেশ কেন্দ্রের সাধারণ সম্পাদক দেবপ্রসাদ দেবনাথ। ফেরদৌসী মজুমদারের জীবনী পাঠ করেন আনিকা মাহিন। পুরস্কার প্রদানের সময় মিলনায়তনভর্তি দর্শক-শ্রোতা আসন থেকে উঠে দাঁড়িয়ে ফেরদৌসী মজুমদারকে অভিবাদন জানান।
প্রতিক্রিয়ায় ফেরদৌসী মজুমদার বলেন, ‘জীবনে অনেক পুরস্কার পেয়েছি। তবে এই পুরস্কার আমাকে বিশেষভাবে আলোড়িত করেছে। এই সম্মাননা প্রদানের সময় মিলনায়তনভর্তি দর্শক উঠে দাঁড়িয়ে আমাকে করতালি দিয়ে অভিনন্দন জানিয়েছে—এটা আমাকে অনেক বেশি আনন্দিত করেছে। নাট্যকর্মী ও বন্ধুদের এই ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে।’
সম্মাননা দেওয়া-নেওয়া শেষে ইসলাম উদ্দিন তাঁর দল নিয়ে মঞ্চে আসেন। ওপরে সালোয়ার-কামিজ ও নিচে ঘাগরা পরেন ইসলাম। তাঁর কামিজটা মেয়েদের মতো নয়, ফতুয়া ধরনের। এই পোশাকে তিনি নারী-পুরুষ উভয় চরিত্রে অভিনয় করেন। কোমরে বিশেষ কায়দায় শাড়ি পেঁচিয়ে রাখেন। বিভিন্ন চরিত্র ফুটিয়ে তুলতে এই শাড়ি সাহায্য করে। পায়ে নূপুর থাকে এবং গলায় মালা। চুল পেছন দিকে লম্বা, সামনের দিকে ছোট। তিনি বাঁ দিকে সিঁথি করে পালা পরিবেশন করেন।
নাট্যকর্মীরা মুগ্ধ হন তাঁর পরিবেশনায়।