রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে আজ টিভিতে এবং মঞ্চে গান করবেন পাপিয়া সারোয়ার। পাশাপাশি কাল রোববার ভারতের কলকাতায় আয়োজিত রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠানেও গান করবেন তিনি। কথা হলো তাঁর সঙ্গে।রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে আজ কোন কোন অনুষ্ঠানে গান করবেন?টিভিতে কয়েকটি অনুষ্ঠানে গান দেখানো হবে। ওগুলো আগেই ধারণ করা হয়েছে। এ ছাড়া রাতে বৈশাখী টিভিতে একটি অনুষ্ঠানে গান করব। এটি সরাসরি দেখানো হবে। ওখানে আমার সঙ্গে আরও কয়েকজন থাকবেন। আলোচনা, আবৃত্তি, গান—সবই থাকবে। আরেকটা সরাসরি অনুষ্ঠানে গান করার কথা ছিল। কিন্তু কাল ভোরে কলকাতায় যেতে হবে। তাই পরে ওটা বাদ দিয়েছি। এ ছাড়া সন্ধ্যায় হোটেল র্যাডিসনে একটি অনুষ্ঠান হবে। ওখানেও গান করব।কলকাতায় কী করবেন?ওখানে তো রবীন্দ্রজয়ন্তী উদ্যাপন করা হবে কাল রোববার। এবার বেশ বড় আকারেই হচ্ছে। বিধাননগরের সল্টলেকে রবীন্দ্রজয়ন্তী উৎসব শুরু হবে সকাল থেকে। সারা দিনই নানা আয়োজন থাকছে। ওখানে আমি গান করব। এ ছাড়া ১৫ মে পর্যন্ত আরও কিছু আয়োজনে গান করার কথা আছে। তারা মিউজিক টিভিতেও অনুষ্ঠান করব।আপনার রবীন্দ্রসংগীতের সংগঠন গীতসুধার কী খবর?ভালো। গীতসুধা থেকে রবীন্দ্রনাথের জন্মদিনটা আমরা একটু আগেই উদ্যাপন করেছি। ৩০ এপ্রিল বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠানটি হয়েছে। ওখানে আমার ছাত্রছাত্রীরা গান করেছে। এ ছাড়া শান্তিনিকেতন থেকে আমার এক বন্ধু এসেছেন, বাসবী দত্ত। তিনিও গান করেছেন।এবার তো নানাভাবে রবীন্দ্রজয়ন্তী উদ্যাপন করা হচ্ছে।...রবীন্দ্রনাথের ১৫০তম বর্ষে পদার্পণ হচ্ছে আজ। তাই বছরজুড়েই নানা আয়োজনের মধ্য দিয়ে রবীন্দ্রনাথকে স্মরণ করা হবে। আর পঁচিশে বৈশাখ এবং বাইশে শ্রাবণ ফিরে ফিরে এসে রবীন্দ্রনাথকে মনে করিয়ে দেয়। রবীন্দ্র-চেতনায় সবাই উদ্বুদ্ধ হয়। নতুন প্রজন্মের মাঝে রবীন্দ্রচর্চার ব্যাপারে আগ্রহ তৈরি হয়। এটা খুব উল্লেখযোগ্য ব্যাপার। নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তো করছেই, পাশাপাশি ব্যান্ডের শিল্পীরাও কিন্তু এখন রবীন্দ্রসংগীত গাইছেন।...আমি এতে দোষের কিছু দেখছি না। রবীন্দ্রনাথ সবার। কিন্তু একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, গানের বাইরে যেন তাঁরা চলে না যান। কপিরাইট উঠে গেছে বলে গানের বাণী কিংবা সুর বিকৃত করে গাওয়া ঠিক হবে না। সব কিছু ঠিক রেখে যেন করা হয়।