
মাত্র ৪৬ বছর বয়সে অতিরিক্ত মাদক নিয়ে যিনি মারা যান, তাঁকে নিয়ে লেখালেখি করার কিছু থাকতে পারে না৷ কিন্তু ফিলিপ সেমুর হফম্যানকে আসলে কেউই অগ্রাহ্য করতে পারছে না৷ নিউইয়র্ক টাইমস প্রথম পাতায় বড় করে তাঁর মৃত্যুর খবরটি দিয়েছে, লেখাটিও দীর্ঘ৷
ফিলিপ হফম্যান একজন মার্কিন অভিনেতা, জন্মও সেখানে৷ সুতরাং তাঁকে নিয়ে নিউইয়র্ক টাইমস শীর্ষ সংবাদ করছে, সেটাই হয়তো স্বাভাবিক৷ কিন্তু বাংলাদেশের মানুষও এই অভিনেতাটিকে বেশ ভালোভাবেই জানে৷ আমরাও জানি ফিলিপ সেমুর হফম্যান এই সময়ের একজন সেরা অভিনেতা৷ মূল চরিত্রে তিনি অভিনয় করেছেন, খলনায়ক হয়েছেন, পার্শ্বচরিত্র করতেন, আবার থিয়েটারেরও নামী অভিনেতা ছিলেন তিনি৷ এটি খুবই দুঃখজনক যে, মাত্র ৪৬ বছর বয়সের একজন সেরা অভিনয়শিল্পীর ক্ষেত্রে ‘ছিলেন’ লিখতে হচ্ছে৷
মানুষটি দেখতেই ছিলেন অন্য রকম৷ ঠিক প্রথাগত হলিউড মার্কা নয়৷ মোটাসোটা গাট্টাগোট্টা, সোনালি চুল, কখনো চিরুনি ব্যবহার করেছেন বলে মনে হবে না, চোখজুড়ে ঘুম আর পরনে কোঁচকানো জামা-প্যান্ট৷ ফিলিপ হফম্যানকে ঠিক এভাবেই বর্ণনা করা হয়৷ আরও যা বলা হচ্ছে তা হলো, গভীরতার দিক থেকে অনন্য এক অভিনেতা, যার কোনো চরিত্রেই আপত্তি নেই৷ তাঁর প্রথম দিককার একটা সিনেমার উদাহরণই দেওয়া যায়৷ দ্য বুগি নাইটস৷ ৭০ এবং ৮০ দশকের পর্নোজগৎ নিয়ে নির্মিত সিনেমা৷ ফিলিপ হফম্যান সেখানে একজন গে৷ আগ্রহীরা দেখতে পারেন৷
ফিলিপ হফম্যানের সেরা সিনেমাগুলো নিয়ে লেখালেখি করাটা সহজ৷ কারণ, সিনেমাপ্রেমীরা এখন সহজেই সিনেমাগুলো পেয়ে যান৷ হফম্যান কীভাবে মারা গেলেন, অভিনয়জীবন কীভাবে শুরু হয়েছিল, সেসব এরই মধ্যে বিভিন্ন জায়গায় ছাপা হয়ে গেছে৷ এর চেয়ে বরং তাঁর কয়টি ভালো সিনেমা নিয়ে কথাবার্তা হতে পারে, যাতে করে এখনো যারা সিনেমাগুলো দেখেননি, তাঁরা সুযোগটি নিতে পারবেন৷
কাজটা সহজ করে দিয়েছে টাইম ম্যাগাজিন৷ তারা ফিলিপ হফম্যানের সেরা সাতটি চরিত্রের একটি তালিকা দিয়েছে৷ এর বাইরেও তাঁর অভিনয় করা আরও কয়েকটি ভালো ছবি কিন্তু আছে৷ তার কথাও বলা যাবে৷ ফিলিপ হফম্যান প্রথম নজরে আসেন বুগি নাইটস থেকে৷ ১৯৯৭ সালের এই সিনেমাটির কথা আমরা আগেই বলেছি৷
১৯৯৮ সালে মুক্তি পাওয়া হ্যাপিনেস, কমেডি সিনেমা৷ এখানে হফম্যানের চরিত্র তিন বোনের প্রতিবেশী৷ রোলিং স্টোনে রক গানবিষয়ক সাংবাদিকতা নিয়ে সিনেমা অলমোস্ট ফেমাস আরেকটি ফিলিপ হফম্যানের বিখ্যাত সিনেমা৷ আমরা প্রথম ফিলিপ হফম্যানকে ভালোভাবে পছন্দ করেছি কাপোটে সিনেমা থেকে৷ ২০০৫ সালের অস্কারে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিলেন এই সিনেমা থেকেই৷ ২০০৭ সালে মুক্তি পাওয়া চার্লি উইলসন ওয়ার থেকে ফিলিপ হফম্যান আরেকবার অস্কারের মনোনয়ন পেয়েছিলেন৷ হফম্যান এখানে একজন সিআইএ এজেন্ট৷
দ্য মাস্টার ২০১২ সালের সিনেমা৷ হফম্যান সহ-অভিনেতা হিসেবে আবারও পেলেন অস্কারের মনোনয়ন৷ টাইম-এর তালিকার শেষ সিনেমা ২০১৩ সালের থ্রিলার এ মোস্ট ওয়ান্টেড ম্যান৷ সম্ভবত এটি দেখতে আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে৷
তালিকার বাইরের কয়েকটি সিনেমার নাম বলি৷ এগুলোও দেখতে হবে৷ যেমন, ডাউট, মানিবল, দ্য ট্যালেন্টেড মিস্টার রিপ্লে, কোয়েন ব্রাদার্সের দি বিগ লেবোস্কি৷ এমনকি হালকা বিনোদন পেতে হলে মিশন ইমপসিবল-থ্রিও দেখতে পারেন৷