
এলোমেলো ঘোরাঘুরি করতে করতেই কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে ঢুকে পড়েছিলেন তাঁরা। মূল ফটকে স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবের ফেস্টুন ভেতরে টানে মিতু ও মামুন নামের এ দুই তরুণ-তরুণীকে। একসঙ্গে আড়াই ঘণ্টার ছবি দেখার সময় মিলবে না, জানেন তাঁরা। লাইব্রেরি থেকে বের হওয়া তিন তরুণের পেছনে গিয়ে তাই স্বল্পদৈর্ঘ্য ছবির টিকিট কিনতেই দাঁড়িয়ে গেলেন। বিসিএস পরীক্ষার প্রস্তুতির পড়া শেষে সেদিন লাইব্রেরি থেকে সিনেমা দেখতে ঢুকছিলেন আরও তিন তরুণ।
গতকাল বুধবার ছিল উৎসবের পঞ্চম দিন। প্রায় সব প্রদর্শনী কেন্দ্রেই দর্শকের ভালো উপস্থিতি ছিল। মূল কেন্দ্র হওয়ায় দর্শক বেশি ছিলেন গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে। রাজধানীর ব্যস্ত জীবনে দীর্ঘদিন ছবি দেখার সময় বের করতে পারেন না যাঁরা, এ উৎসব যেন তাঁদেরই জন্য। এ ছাড়া একই সঙ্গে নানা দেশের অনেক ছবি ভাবনার খোরাক জোগাচ্ছে দর্শকদের। গতকাল শেষ হয়ে গেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রদর্শনী। শিল্পকলা একাডেমিতে কাল ছিল ইন্দোনেশিয়ার চলচ্চিত্রকার গ্যারিন নুগ্রহর পরিচালনায় কর্মশালা।
আজ রয়েছে ‘ঘ্রাণ’
গত ৩০ এপ্রিল ভারতের নয়াদিল্লি থেকে সেরা স্বল্পদৈর্ঘ্যের পুরস্কার নিয়ে এসেছিল ঘ্রাণ। মাসউদুল হকের গল্প অবলম্বনে কামরুল আহসানের পরিচালনায় এ ছবিতে অভিনয় করেছেন তৌকির আহমেদ, ফজলুর রহমান বাবু, সাবেরি আলমসহ বেশ কয়েকজন অভিনয়শিল্পী। সরকারি অনুদানে নির্মিত ঘ্রাণ এই নির্মাতার প্রথম ছবি। ‘৬ষ্ঠ দাদাসাহেব ফালকে চলচ্চিত্র উৎসব’-এ সেরা ছবির গৌরব অর্জন করে এটি। আজ বিকেল পাঁচটায় শওকত ওসমান মিলনায়তনে হবে বাংলাদেশে ছবিটির উদ্বোধনী প্রদর্শনী। পরিচালক বলেন, ছবির গল্পটিতে জীবনের প্রতিফলন ছিল বলে নির্মাণ করতে সুবিধা হয়েছে। প্রথম ছবি হিসেবে সর্বোচ্চ চেষ্টা করেছেন তিনি। প্রত্যাশা করছেন, দর্শকদের নাড়া দেবে ঘ্রাণ।
১০ ডিসেম্বর পর্যন্ত যথারীতি ঢাকার ৫টি প্রদর্শনী কেন্দ্রে বেলা ১১টা, বেলা ৩টা, বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টায় থাকবে ছবির প্রদর্শনী। উৎসব উপলক্ষে আগামীকাল শুক্রবার বেলা ১১টায় রয়েছে জাতীয় সেমিনার ‘সরকার ও মুক্ত চলচ্চিত্র’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আর্কাইভ কক্ষের এ সেমিনারে প্রধান বক্তা থাকবেন বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সভাপতি জাকির হোসেন।