সব মনোযোগ অভিনয়ে স্বাগতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যুদ্ধ মানেই শত্রু শত্রু খেলা/ যুদ্ধ মানেই আমার প্রতি তোমার অবহেলা’। নির্মলেন্দু গুণের কবিতার লাইনটাতে স্বাগতারও একটু দাবি আছে। স্বাগতা অভিনীত শত্রু শত্রু খেলা ছবির জনপ্রিয় সংলাপ এটি। তিন বছর আগে মুক্তি পেলেও এখনো এ ছবির জন্য প্রশংসা পান।‘অভিনয় করলে সবাই মনে রাখে। এটা খুব ভালো লাগে। সে জন্য অভিনয়ে আমার মনোযোগ বেশি।’ বলছিলেন স্বাগতা।স্বাগতাকে এখন দেখা যাচ্ছে নানা মাধ্যমে কাজ করতে। অভিনয় তো আছেই। বিজ্ঞাপন, উপস্থাপনাও করছেন। সামনে আসছে গানের অ্যালবামও। তবে অভিনয়ের স্থান তাঁর কাছে সবার ওপরে।‘ছোটবেলা থেকে গান শিখি। বাড়িতে বাবা, বোন, ভাই গান করেন। একসময় আমার মনে হতো, গান ছাড়া বুঝি বাঁচবই না। এখন এই অনুভূতিটা অভিনয়ের জন্য।’কাজ করব। তবে কাজটা উপভোগও করব। কাজ করে যাতে আনন্দও পাওয়া যায়—এটাই স্বাগতার নীতি। মান্নার সঙ্গে প্রথম ছবি মুক্তি পাওয়ার পর ছবির জগতে নিয়মিত হওয়ারই কথা ছিল তাঁর। কিন্তু এখন ছোট পর্দাতেই স্বাগতার বেশি মনোযোগ। ‘আমাদের দেশে বেশির ভাগ ছবিই হয় নায়ককেন্দ্রিক। যেসব ছবির প্রস্তাব পাই, তাতে আমার অভিনয়ের সুযোগ খুব কম। সে কারণেই এখন আর চলচ্চিত্রে অভিনয় করা হচ্ছে না। তবে আমার আগ্রহের অভাব নেই। ভালো কাজের সুযোগ পেলে করবই।’ জানালেন তিনি।স্বাগতার উপস্থাপনায় মিউজিক ইউফোনি প্রচার হচ্ছে এনটিভিতে। ‘এখন যাঁরা গান করছেন, প্রায় সবাইকে আগে থেকে চিনি। অনেকের সঙ্গেই ভালো বন্ধুত্ব। এ জন্যই অনুষ্ঠানটা খুব উপভোগ করি। কিন্তু অভিনয়ে আরও বেশি মনোযোগ দিতে চাই। সে জন্যই অন্য কাজগুলোতে তেমন সময় দিতে পারি না।’আট বছর ধরে প্রথম অ্যালবামের প্রস্তুতি নিচ্ছেন স্বাগতা ও তাঁর ব্যান্ড মহাকাল। এই জুনে মুক্তি পাবে মহাকাল নামের অ্যালবামটি। রক ধাঁচের গান করা হয়েছে এতে। স্বাগতার তিনটি গান মেলো রক ধাঁচের। এর মাঝে চলচ্চিত্রের গানেও কণ্ঠ দিয়ে ফেলেছেন স্বাগতা। আখতারুজ্জামান পরিচালিত সূচনা রেখার দিকে ছবিটির কাজ চলছে এখনো। ছবিতে স্বাগতাও অভিনয় করছেন। তবে তাঁর গাওয়া গানের সঙ্গে অভিনয় করেছেন অন্য শিল্পী।তবে যাঁরা স্বাগতার গানের ভক্ত, তাঁদের জন্য দুঃসংবাদ—গানে নিয়মিত হবেন না তিনি। কারণ ওই—অভিনয়। ‘অভিনয় অনেক বেশি তৃপ্তিকর। খুব ছোট একটা চরিত্রও আমি চ্যালেঞ্জ হিসেবে নিই। দুই মিনিটেই যদি একটা কিছু করে দেখানো যায়! আর অভিনয়ের সময় অন্য একটা মানুষ হয়ে যেতে হয়। এ ব্যাপারটাও আমি খুব উপভোগ করি।’সকাল আহমেদ, রুলীন রহমান, মাসুম রেজা প্রমুখ পরিচালকের নাটকের শুটিং করছেন এখন স্বাগতা। সামনে আসছে মেজবাউর রহমান সুমনের মিথ্যা তুমি দশ পিঁপড়া আর মাতিয়া বানু শুকুর ও চাঁদ। আর মীর সাব্বিরের মকবুল, অরুণ চৌধুরীর রুমালী নাটকে স্বাগতাকে নিয়মিত দেখা যাচ্ছে এখন।