
চলতি পথে চড়াই-উতরাই কতই তো থাকে। তবে পথের কিছু বাঁক থাকে, যা জীবনের মানে বদলে দেয় নিমেষেই? তেমন বাঁকের কথাই থাকছে টার্নিং পয়েন্ট
আরণ্যকের হয়ে প্রায় ১০ বছর কাজ করার পর সংক্রান্তি নাটকে অভিনয়ের সুযোগ পাই। তার আগে ছোটখাটো চরিত্র করতাম। কিন্তু সংক্রান্তি নাটকের লালে চরিত্রটি আমাকে আলোচনায় নিয়ে আসে। বলতে গেলে মঞ্চে আমার টার্নিং পয়েন্ট এখানেই। এ তো গেল মঞ্চের কথা। তবে মঞ্চের এই টার্নিং পয়েন্ট আমাকে আরেকটি টার্নিং পয়েন্টের দিকে নিয়ে যায়। এর মধ্যে মুস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় গ্রামীণফোনের একটা বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার সুযোগ হয় আমার। বিজ্ঞাপনটি প্রচারের পর দারুণ জনপ্রিয়তা পায়। আর পেছনে তাকাতে হয়নি। কিছুদিনের মধ্যেই টেলিভিশন নাটকে জোরেশোরে অভিনয়ের সুযোগ এসে গেল। তালপাতার সেপাই, নিখোঁজ সংবাদ নামে পরপর দুটি নাটকে অভিনয় করি। এই নাটক দুটিই আমার টেলিভিশন নাটকের টার্নিং পয়েন্ট। বলতে গেলে এই দুটি নাটকে অভিনয় করার পর টেলিভিশন নাটকের ট্রেন লাইনে উঠে গেলাম।
মাসুম রেজা, সালাহউদ্দীন লাভলুর ভবের হাট, ঘরকুটুম, বৃন্দাবন দাসের আলতা সুন্দরী ধারাবাহিক নাটকগুলো আমার টার্নিং পয়েন্টকে আরও পাকাপোক্ত করেছে।
তবে সব সাফল্যের পেছনেই হিসাবনিকাশ থাকে।
আমার অভিনয়জীবনের টার্নিং পয়েন্টে আসতেও হিসাবনিকাশ কম ছিল না। ১০ বছর থিয়েটার করার পর অভিনয়ের রাস্তায় উঠতে পেরেছি। এই পুরো সময়টাই মঞ্চের পেছনে কাজ করেছি। থিয়েটারের প্রতিটি মনপ্রাণ ঢেলে কাজ করতাম। সাধনা ছিল অভিনয় শিখতে হবে, জানতে হবে। এর মধ্য দিয়ে লক্ষ্য একটাই ছিল, ভালো কাজের সুযোগ পাওয়া। এবং সুযোগ পাওয়ার পর যেন সে কাজে আমি ব্যর্থ না হই। আজকের আমার এই অবস্থানে সেই সাধনা শ্রম সার্থক হয়েছে।