
‘জীবনের গল্প আছে বাকি অল্প’, শিবলী সাদিকের ভেজা চোখ ছবির গানটি আজও অনেকেরই মনে পড়ে। চলচ্চিত্রের এই গান আজ একজন পরিচালকের জীবনে সত্য হয়ে ধরা পড়েছে। শহীদুল ইসলাম খোকন। ২৫টি সুপারহিট ছবির নির্মাতা খোকনের জীবনের গল্প আজ অল্প বাকি আছে। থেমে গেছে সবকিছু। বাক্হীন খোকন জীবনের আনন্দ পান করে চোখে দেখে। উত্তরায় হাজির হলাম ওর ফ্ল্যাটে। ঢুকেই দেখি খাবারের টেবিলে নানা ধরনের খাবার। অতিথিরা মাথায় কাপড় দিয়ে বসা। জানলাম, অতিথি আপ্যায়নের জন্য এই আয়োজন।
এই আপ্যায়ন আয়োজনে খোকন যেন নীরবে বলতে চায়, সবকিছু ঠিক আছে। আগের মতো।
ওর বড় ভাবি আমাদের পরিচয় পেয়ে ছলছল চোখে খোকনের স্মৃতি হাতড়াতে লাগলেন। কৈশোরে মাকে হারিয়ে খোকন শুধু বলত, ‘আমাকে মাছের কাঁটা বেছে কে ভাত খাওয়াবে!’ আজ সেই পরিণত খোকন পানির স্বাদ নেয় চোখের অনুভবে।
ওর শোবার ঘর। পশ্চিমমুখী জানালার পাশে মাথা নত করে চেয়ারে বসে আছে ধ্যানমগ্ন খোকন। গালভর্তি সাদা দাড়ি। সেই উত্থান-পতন ছবির নায়ক, বিষদাঁত ছবির খলনায়ক খোকনের এ এক অন্য রূপ। পাশে দাঁড়াতেই পাণ্ডুর মুখে হাসি দিয়ে ইশারায় বসতে বলল। আমার চোখে চোখ রেখে তাকিয়ে থাকল অনেকটা সময়। জানতে চায়, চলচ্চিত্রের মানুষেরা কে কেমন আছে।

জানালায় রাখা কলবেলের সুইচ, তসবিহ, সেলফোন এবং লাল মলাটের ডায়েরি। তাঁর লেখা ডায়েরি পড়তে বসলেই পাঠকের চোখ বেদনাজলে ভরে উঠবে। অস্পষ্ট অক্ষরে এক পৃষ্ঠায় লেখা, চাষী ভাই কেমন আছে? আরেক পৃষ্ঠায় লেখা, আমার অসুখের কোনো ওষুধ নেই! এমনি আরও কত লেখা।
লেখাগুলো পড়তেই খোকনের স্ত্রী জয় এসে পাশে দাঁড়ায়। স্ত্রীকে দেখিয়ে ইশারায় খোকন প্রকাশ করে, স্ত্রী-ভাগ্যে সে খুব সুখী। মা যেমন সেবাযত্নে সন্তান লালন করে, তেমন করেই খোকনকে আগলে রেখেছে জয়। হাওয়ার ঘুড়ির মতোন উড়ছে খোকনের জীবন। জয়ী হওয়ার বাসনায় সীমাহীন ধৈর্য ও আশা নিয়ে ঘুড়িটার লাটাই ধরে আছে জয়।
একটি ছবি তুলতেই ওর হাতে প্রথম আলো পত্রিকা ধরিয়ে দিই। খোকনের মুখটা হেসে ওঠে। জয় বলল, ‘আনন্দ পাতা ওর খুব প্রিয়। খোকন একসময় এই পাতায় লিখত।’
চলচ্চিত্রে খোকন ছিল নির্ভীক সৈনিক। ঘাতক ছবি তৈরির সময় হত্যার হুমকি তাঁকে টলাতে পারেনি। ‘অশ্লীল ছবি বন্ধ’ আন্দোলনে কী অগ্নিস্ফুলিঙ্গ জ্বালিয়েছিল খোকন! এসব ভাবতেই মাগরিবের আজান ভেসে আসে। একমাত্র ছেলে হৃদয় এসে খোকনকে নামাজে বসায়। বসার রুমে জয়ের কাছে শুনলাম, শৈলী ও ঐশী মেয়ে দুটিকে খোকন চোখের আড়াল করতে চায় না। ওরা সব বোঝে। ওদের সোনালি স্মৃতিগুলো বেগুনি মাকড়সার জালে জড়িয়ে যাচ্ছে। তবু বাবার সামনে হাসিখুশি থাকে। যেন সবকিছু ঠিক আছে, দৃশ্যের অভিনয়ের মতো!
খোকন নিবাস থেকে আমরা ফিরছি। ভাবছি, নিতাই কবিয়াল কেন বলেছিল, ‘জীবন এতো ছোট কেনে’।