>

নির্মাতাদের কলাম এটি। প্রতি আনন্দে একজন নির্মাতা বলবেন এই জগৎ নিয়ে তাঁর ভাবনার কথা
দিনক্ষণ মনে নেই, তবে খুব ছোটবেলা সাদাকালো বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) দেখছিলাম আমি আর রানা (ছোট ভাই অনিমেষ আইচ)। রক্তকরবী হচ্ছিল টিভিতে। কেমন অদ্ভুত অঙ্গভঙ্গি আর দুর্বোধ্য সংলাপ। ওই বয়সে ভালো লাগার কোনো কারণই থাকতে পারে না, কিন্তু আমার ভালো লেগেছিল। বোধ করি রানারও। হয়তো সেখান থেকেই বীজ বোপিত হয়েছিল চলচ্চিত্র নির্মাণের। আলাদা করে বলতে গেলে ইচ্ছা হয়েছিল বা হয় এমন কিছু একটা নির্মাণের। যার সঙ্গে অন্য কারও নির্মাণের কোনো মিল নেই। সেই লক্ষ্যে প্রায় বছর নয় পার করে দিলাম নাটক নির্মাণে। অনেক রকম পরীক্ষণ, গবেষণা চালাচ্ছি টিভি ফিকশন নির্মাণে। কিন্তু আমার ভেতরের ওই ঘুণপোকা বারবার বলে, ব্যাটা অনেক হয়েছে, এবার একটা সিনেমা বানা। আমি বিশ্বাস করি আমরা বাঙালি জাতি হিসেবে অনেক আধুনিক। আমরা ’৭১-এর আগে জীবন থেকে নেয়া বানিয়েছি। সূর্যস্নান, সীমানা পেরিয়ে, মাটির ময়না, অজ্ঞাতনামাসহ আরও অনেক আধুনিক চলচ্চিত্র আমাদের দেশেই নির্মিত হয়েছে। তবে আর ভয় কিসের? শুধু একটা ব্যাপারেই আমার ভীতি। বোধ! বোধকে নিয়মিত চর্চা করতে হয়। না হলে ‘বোধ’ একসময় ভোঁতা হয়ে যায়। আর ভালো চলচ্চিত্র নির্মাণ শুরু হলে আমার বিশ্বাস একধরনের জোয়ার তৈরি হবে। তখন চলচ্চিত্র নির্মাণে এগিয়ে আসবেন অনেক গুণী নির্মাতারা। কারণ, আমিসহ নাটক নির্মাণের অনেক যোদ্ধা আছেন, যাঁরা শুধু ভালো কাজ করার জন্য চরম পর্যায়ের একটা ধৈর্যের ভেতর দিয়ে যাচ্ছি। আমরা চলচ্চিত্রের ছোট ভার্সন টিভি ফিকশন বানাই। হাসিমুখে অভিনেতা-অভিনেত্রীদের সম্মানী দিই। সবার দেনা-পাওনা পরিশোধ করি। তারপর ভারাক্রান্ত মনে শূন্য হাতে বাড়ি ফিরি। আর্থিকভাবে সবার থেকে নিগৃহীত হই। তারপরও আমাদের মুখ থেকে হাসি ফুরায় না। এ আনন্দ নির্মাণের আনন্দ। হোক এটা বোকার আনন্দ, বোকার খুশি, তবু নির্মাণের আনন্দই আসলে আলাদা। আমার বিশ্বাস, আমার এই আনন্দ শুধু আমার একার না। আমার সব নির্মাতা বন্ধুরও। আবার প্রিয় অভিনেতারা অনেক সময় টুকটাক দু-একটা নাটক নির্মাণ করেন। তাঁদের জিজ্ঞেস করি কেমন লাগছে? বেশির ভাগই উত্তর দেয় ভালো লাগছে। তবে অনেক কঠিন। আপনারা এই কাজ করেন কীভাবে? এত পেইন নেন কীভাবে? আসলেই আমাদের কাজটাতে পেশাদারি বলে যে ব্যাপারটা তৈরি হওয়া দরকার তা একদমই গড়ে ওঠেনি। পেশাদারি গড়ে না উঠলে ভালো কোনো কিছুই আসলে সম্ভব না। আমার বিশ্বাস, সবকিছু একদিন ঠিক হয়ে যাবে। একটা নিয়মের মধ্যে আসবে।