সবকিছু প্রস্তুত তবে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০০৯-এর ফলাফল ঘোষণা করা হয়েছে কয়েক মাস আগেই। এ বছরের ৩ এপ্রিল আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী পুরস্কার তুলে দেবেন—এমন কথাও বলা হয়েছিল। পরে জানা গেল, ১১ এপ্রিল এ পুরস্কার দেওয়া হতে পারে। তারপর চলে গেছে আরও এক মাস। কিন্তু এখন পর্যন্ত পুরস্কার প্রদানের সময় চূড়ান্ত করা হয়নি। খোঁজ নিয়ে জানা গেছে, তথ্য মন্ত্রণালয় ও সেন্সর বোর্ড পুরস্কার প্রদান অনুষ্ঠানের জন্য সব রকমের প্রস্তুতি নিয়ে রেখেছে। এরই মধ্যে বিভিন্ন সাব-কমিটি করা হয়েছে। অনুষ্ঠানে কী কী করা হবে, সে কার্যসূচিও চূড়ান্ত। এখন শুধু অপেক্ষা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিদ্ধান্তের জন্য। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পুরস্কার প্রদানের তারিখটি পাওয়া গেলেই তথ্য মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারে। এদিকে পুরস্কার প্রদানে বিলম্ব হওয়ার কারণে যাঁদের নাম এরই মধ্যে বিজয়ী হিসেবে ঘোষিত হয়েছে, তাঁরা মনে করছেন, অতীতের মতো আবারও না জানি পুরস্কারের জট লেগে যায়। এর আগে কয়েক বছরের পুরস্কার প্রদান স্থগিত ছিল। পরে তত্ত্বাবধায়ক সরকারের সময় একসঙ্গে কয়েক বছরের পুরস্কার দেওয়া হয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তথ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল, বছরের পুরস্কার বছরেই দেওয়া হবে। এখন দেখার বিষয়, এই পুরস্কার কবে দেওয়া হয়।