সবচেয়ে ধনী অভিনেতা


বলিউডের বাদশা শাহরুখ খান কি হলিউডেরও বাদশা হওয়ার পাঁয়তারা করছেন? অবস্থা দেখে তো তা-ই মনে হচ্ছে৷ কয়েক দিন আগে সিঙ্গাপুরভিত্তিক সংস্থা ওয়েলথ-এক্স বিশ্বের ধনী অভিনেতাদের একটি তালিকা করেছে৷ এতে সবাইকে অবাক করে দিয়ে দ্বিতীয় স্থানে আছেন বলিউডের শাহরুখ৷ হয়তো হলিউড অভিনেতাদেরও ছাড়িয়ে যাবেন শিগগিরই৷ তালিকার শীর্ষে আছেন আরেক অপ্রত্যাশিত অভিনেতা ৬০ বছর বয়সী কমেডিয়ান জেরি সিনফিল্ড৷ অবাক করা বিষয় হলো, শাহরুখ খান হলিউডের জায়ান্ট টম ক্রুজ, টম হ্যাংকস, জনি ডেপ, ক্লিন্ট ইস্টউডদের চেয়েও ধনী৷
ছবিতে অভিনয় করে ঈর্ষণীয় পারিশ্রমিক পান শাহরুখ৷ ছবিপ্রতি নেন ৩৫ কোটি রুপি৷ তার ওপর আছে অসংখ্য পণ্যের প্রচারণা করে বিপুল অর্থ আয়৷ টিভি খুললেই বিভিন্ন বিজ্ঞাপনে দেখা যায় তাঁকে৷ বড় বড় ইভেন্টে অংশ নিয়েও পান মোটা অঙ্কের অর্থ৷ আছে তাঁর দুটি প্রডাকশন হাউস—রেড চিলিস এন্টারটেইনমেন্ট ও ড্রিমজ আনলিমিটেড৷ আইপিএলে শাহরুখের মালিকানাধীন ক্রিকেট দল কলকাতা নাইট রাইডার্সের ব্র্যান্ড ভ্যালু ৪০০ কোটি রুপির বেশি৷ নিজের প্রাসাদোপম ভবন মান্নাতের দাম ২০০ কোটি রুপি৷ এ কারণেই তিনি বলিউডের বাদশা৷ বর্তমানে তাঁর সম্পদের পরিমাণ ৬০০ মিলিয়ন ডলার৷

একসময়ের জনপ্রিয় টিভি কমেডি সিরিজ ‘সিনফিল্ড’ দিয়ে বাজিমাত করেন জেরি সিনফিল্ড৷ মূলত টিভি সিরিজে অভিনয় করেই ব্যাপক জনপ্রিয়তা ও ব্যবসায়িক সাফল্য পান এ অভিনেতা৷ আয়ের দিক থেকে শীর্ষে থাকা এ অভিনেতার মোট সম্পদ ৮২০ মিলিয়ন ডলার৷ ‘সিনফিল্ড’ সিরিজের টিভি রাইটস থেকেই গত বছর ৪০০ মিলিয়ন ডলার ঘরে আসে তাঁর৷ হলিউড হার্টথ্রব টম ক্রুজ আছেন তালিকার ৩ নম্বরে৷ তাঁর মোট সম্পদ ৪৮০ মিলিয়ন ডলােরর৷ চতুর্থ স্থানে আছেন যুগ্মভাবে চৌকস অভিনেতা জনি ডেপ ও কম পরিচিত অভিনেতা টায়লার পেরি৷ তাঁদের সম্পদের পরিমাণ ৪৫০ মিলিয়ন ডলার৷ তিনবার অস্কার জয়ী অভিনেতা ৭৭ বছর বয়সী জ্যাক নিকলসন আছেন ৬ নম্বরে৷ তাঁর সম্পদ ৪০০ মিলিয়ন ডলার৷ দুবার অস্কার জয়ী এ সময়ের অন্যতম মেধাবী অভিনেতা টম হ্যাংকসের সম্পদ ৩৯০ মিলিয়ন ডলারের৷ আছেন ৭ নম্বরে৷ একসময়ের জনপ্রিয় টিভি অভিনেতা বিল কসবিও আছেন তালিকায় (৩৮০ মিলিয়ন)৷ তবে তালিকায় সবচেয়ে বর্ষিয়ান হিসেবে আছেন ক্লিন্ট ইস্টউড৷ ৮৩ বছর বয়সে এসে অভিনেতা, পরিচালক এ কিংবদন্তির সম্পদ ৩৭০ মিলিয়ন ডলারের৷ ১০ নম্বরে আছেন অ্যাডাম সেন্ডলার (৩৪০ মিলিয়ন)৷
আহমেদ শরীফ
তথ্যসূত্র: টাইমস অফ ইন্ডিয়া, টাইম, দ্য রিচেস্ট ডট কম, স্ট্রেইটস টাইম, উইকিপিডিয়া