সবচেয়ে ভালো নয়, ভালোবাসার শিল্পী হওয়া বেশি জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

হাস্যোজ্জ্বল দুই ভাই আয়ান আলী বাঙ্গাশ ও আমান আলী বাঙ্গাশ। ছবি: খালেদ সরকার
হাস্যোজ্জ্বল দুই ভাই আয়ান আলী বাঙ্গাশ ও আমান আলী বাঙ্গাশ। ছবি: খালেদ সরকার

গত সপ্তাহে সরোদশিল্পী আমান ও আয়ান আলী বাঙ্গাশ ঢাকায় এসেছিলেন সিটি ব্যাংকের একটি অনুষ্ঠানে। তাঁদের আমন্ত্রণ জানিয়েছিল ব্লুজ কমিউনিকেশনস। নববর্ষের আগের রাতে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে তাঁরা সরোদ পরিবেশন করেন। অনুষ্ঠানের দিন দুপুরে তাঁরা কথা বলেন প্রথম আলোর সঙ্গে।

তাঁদের বাবা সরোদের জীবন্ত কিংবদন্তি। ভারতের অন্যতম শাস্ত্রীয় সংগীত পরিবারের সপ্তম বংশধর তাঁরা। পিতার পদাঙ্কে নিজেরাও সরোদশিল্পী। স্বমহিমায় এরই মধ্যে শাস্ত্রীয় সংগীতে দুই উদীয়মান শিল্পী হিসেবে খ্যাতি পেয়েছেন। জনপ্রিয়তাও।

বলছি আমান আলী বাঙ্গাশ ও আয়ান আলী বাঙ্গাশের কথা। ওস্তাদ আমজাদ আলী খানের দুই ছেলে। স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে, আমজাদ আলী খানের ছেলেরা ‘খান’ না হয়ে ‘বাঙ্গাশ’ হলেন কেন? শুধু বলিউডে নয়, শাস্ত্রীয় সংগীত জগতেও খান উপাধির ওজন তো অনেক। বছর তিন আগেও এই ঢাকাতে আমান-আয়ান নিজেদের খান হিসেবেই পরিচয় দিয়েছিলেন!

স্মিত হেসে আয়ান বললেন, ‘বাঙ্গাশ আমাদের পারিবারিক উপাধি। মাঝে অনেক দিন এ উপাধি কেউ ব্যবহার করেননি। আমাদের মা চাইলেন, আমরা যেন এই উপাধিটি ব্যবহার করি। অনেক বছর আমরা বাঙ্গাশ হিসেবেই পারফর্ম করেছি। মাঝে কিছুদিন খান উপাধি নিয়েছিলাম, এখন আবার বাঙ্গাশ।’

২০১৪ সালে বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবে অংশ নিতে আমান প্রথম এসেছিলেন বাংলাদেশে। কেমন ছিল সে অভিজ্ঞতা? আমান বললেন, ‘আমার মনে হয় এটি শাস্ত্রীয় সংগীতের অন্যতম বড় মঞ্চ। লোকসমাগমের দিক থেকে এটাই সবচেয়ে বড় উৎসব।’ আয়ান আশা করেন, শিগগির তাঁরা আবার ডাক পাবেন।

আমান আলী বাঙ্গাশ বললেন, এখানকার শ্রোতারা শাস্ত্রীয় সংগীত বিষয়ে খুব বেশি কিছু না জানতে পারে, কিন্তু অন্য অনেক দিক থেকে এ দেশের সাংস্কৃতিক ঐতিহ্য আছে। উদাহরণ হিসেবে বললেন, পাকিস্তান থেকে ভারতে সুফি সংগীত এসেছে। শুরুতে তো শুধু শ্রোতা ছিল। আর এখন ভারতেই অনেক সুফি গানের শিল্পী আছেন! তাঁর মতে, বাংলাদেশেও শাস্ত্রীয় সংগীতের ধারা আস্তে আস্তে গড়ে উঠবে।

আয়ানের কথা, আসলে শাস্ত্রীয় সংগীত উপভোগ করার জন্য রাগ-রাগিণী সম্পর্কে যে খুব জানতে হবে, তা নয়। ‘আমি যখন গোলাপের গন্ধ নিই, তখন কিন্তু জানি না এই গোলাপগাছে কতটা মাটি বা পানি দিতে হলো। যখন মোনালিসা দেখি, তখন আমরা কেবল সেটার প্রশংসাই করি। কেউ জানতে চায় না, ছবিটি কীভাবে আঁকা হলো। এমনকি অনেকে এ-ও জানে না, কে এটি এঁকেছে?’

পাশ থেকে বড় ভাই আমান খুনসুটি করলেন, ‘তুই জানিস?’ আয়ানের দ্বিধাভরা উত্তর, ‘মাইকেলেঞ্জেলো না?’

যখন জানলেন, লেওনার্দো দ্য ভিঞ্চি এঁকেছেন মোনালিসা, তখনই আয়ান বললেন, ‘দেখলেন! আমিও জানি না। কিন্তু তাতে কি মোনালিসার সৌন্দর্য উপভোগ করতে কোনো অসুবিধা হচ্ছে?’

আমান বললেন, ‘শুদ্ধতম সংগীত আসলে তা-ই, যা হৃদয়কে স্পর্শ করে। এ জন্য আমাদের বাবা সব সময় বলেন, সবচেয়ে ভালো শিল্পী হওয়ার চাইতে ভালোবাসার শিল্পী হওয়াটা বেশি জরুরি। ভালোবাসাই সংগীতকে মানুষের কাছে পৌঁছে দেয়।’

তবে কি বোদ্ধা নন, এমন শ্রোতার সামনে পরিবেশনা দেওয়া সহজ? আমান সঙ্গে সঙ্গে বলে ওঠেন, ‘না না, এটা আরও বড় চ্যালেঞ্জ। সংগীতকে অসম্মান করা যাবে না। রাগের শুদ্ধতা বজায় রেখে সাধারণ মানুষের জন্য বাজানোও কঠিন কাজ।’ আয়ান বললেন, ‘সমসাময়িক হওয়ার জন্য ঐতিহ্যকে নষ্ট করার কোনো প্রয়োজন নেই। দুটোর সুন্দর সহাবস্থান হতে পারে। আমাদের ইলেকট্রনিক অ্যালবামেও আমরা রাগের মূল কাঠামোটা সেভাবেই রেখেছি।’

এরই মধ্যে দুই ভাইয়ের অর্জন অনেক। তাঁদের অ্যালবাম মোক্ষ (২০০৪) পেয়েছে গ্র্যামি মনোনয়ন। প্রকাশিত হয়েছে নিজেদের একক, দ্বৈত ও বাবার সঙ্গে ত্রয়ী অ্যালবাম। সেগুলো বাণিজ্যিক সাফল্যও পেয়েছে। জানতে চাই, এত অল্প সময়ে সাফল্যের মন্ত্র কী?

আমান বললেন, প্রথম মন্ত্র অন্যের সাফল্যে ঈর্ষান্বিত না হওয়া। ঈর্ষা কিছু সৃষ্টি করতে পারে না, কেবল পোড়ায়। আর জরুরি নিরহংকার থাকা, পরিশ্রম করা। পরিশ্রমের কোনো বিকল্প নেই। আর অহংকার না থাকলে বেড়ে ওঠা যায়। কেউ যখন ভাবেন, তিনিই সবচেয়ে ভালো, তখনই তাঁর পতন শুরু হয়। আয়ান যোগ করেন, ‘মানুষের ভালোবাসা আর দোয়াও কিন্তু খুব গুরুত্বপূর্ণ।’