সবল-দুর্বলের দ্বন্দ্বমুখর ‘জনমাংক’
বর্তমান বিশ্বে দুর্বলের ওপর সবলের আক্রমণ, পক্ষ-প্রতিপক্ষের তুমুল দ্বন্দ্ব-সংঘাত এসব নিয়েই একটি নতুন নাটক এল ঢাকার মঞ্চে। নাম জনমাংক। গতকাল সোমবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে ছিল পদাতিক নাট্য সংদদের এই নাটকের প্রথম প্রদর্শনী। সমুদ্রবেষ্টিত এক জনপদে দুর্বল পক্ষকে মৃত্যুকূপে ঠেলে দিয়ে সবল পক্ষটি বেঁচে থাকে। কিন্তু সেই বেঁচে থাকায় নেই জীবনের ছন্দ। আপাতদৃষ্টিতে সবল পক্ষটি প্রাণে বেঁচে গেলেও তাদের জীবনের ছন্দপতন ঘটে। তারা নিজেদের সঙ্গীহারা ভাবতে শুরু করে। এরপর যেন ফুরসত মেলে চিন্তার, যা ঘটেছে তা-ই কি ঠিক? একসময় সবাই অনুভব করে নিঃসঙ্গতা। সময় বদলায়। তাদের মধ্যে মানবতাবোধ জেগে ওঠে। একটি ভ্রূণ বাঁচিয়ে রাখার জন্য সবার মধ্যে ঐক্য তৈরি হয়। এভাবে একটি জনগোষ্ঠীর মানবিক হয়ে ওঠার প্রয়াস প্রবল হয়ে ওঠে নাটকের শেষভাগে। জনমাংক মৌলিক কাহিনিনির্ভর। লিখেছেন নাসরীন মুস্তাফা। নির্দেশনা দিয়েছেন মীর মেহবুব আলম। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সায়েম সামাদ, কামরুল হাসান, জিনিয়া আজাদ, ইকরামুল ইসলাম, আশরাফ উদ্দিন, ফরহাদুল ইসলাম, জহিরুল ইসলাম, সাইফুর রহমান, আকলিমা আক্তার, পল্লব সরকার প্রমুখ। পথশিশুদের তোলা আলোকচিত্র ওদের পরিচয় পথশিশু বা টোকাই। তাদের পাঁচ দিনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে ছবি তোলার ওপর। ঢাকা ও বরিশালের ২০ জন শিশু তুলেছে ২৭ হাজার ছবি। সেখান থেকে বাছাই করা কিছু ছবি প্রদর্শনীর উদ্বোধন হলো গতকাল ঢাকার এক অভিজাত হোটেলে। নগর জঙ্গলের সড়কের পাশে যেসব শিশু বেড়ে উঠছে, এ রকম ২০টি শিশু, যাদের বয়স ১২ থেকে ১৬-এর মধ্যে, তারা তুলেছে তাদের মতোই কর্মজীবী শিশুদের ছবি। তাদের অদক্ষ হাতের ক্যামেরায় আরও বন্দী হয়েছে কীর্তনখোলার রুপালি ইলিশ এবং সেই নদীতে সূর্যাস্তের নান্দনিক দৃশ্য। গতকাল প্রদর্শনীর উদ্বোধন করেন ইউনিসেফের প্রতিনিধি কারেল ডি রয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন পাঠশালার অধ্যক্ষ শহীদুল আলম। প্রদর্শনীতে ঢাকায় ও বরিশালে ইউনিসেফের সহায়তায় ড্রপ-ইন সেন্টারে থাকা যে ২০ জন শিশু এ প্রদর্শনীর জন্য ছবি তোলে, তাদের ১০ জনের তত্ত্বাবধান করেছে বরিশালের বেসরকারি সংস্থা অপারেজয় বাংলাদেশ ও বাকি ১০ জনের তত্ত্বাবধান করছে ঢাকার পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র। বরিশালের শিশুরা হলো—চাঁদনী আকতার, দুলাল হোসেন, মনোজ বাড়ই, মহসিন হোসাইন, রিপন, মৌসুমী আকতার, রনি হোসাইন, সালমা আকতার, সাথী আকতার ও শাওলী আকতার। ঢাকার শিশুরা হলো—কাজী লাবণী, লাকী আকতার, মো. ফরিদ, মো. ফয়সাল, মো. কাদের হোসেন, মো. রনি, পিংকি আকতার, রাফিদা আকতার, শাহীন আলম ও সীমা আকতার। তাদের তোলা ছবি নিয়ে ‘লিভিং ইন দি আরবান জাঙ্গাল’ গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের অতিথিরা। আলোকচিত্রগুলো নিয়ে আজ মঙ্গলবার থেকে ১ নভেম্বর পর্যন্ত প্রদর্শনী চলবে দৃক গ্যালারিতে। বরিশালে এ প্রদর্শনী হবে ৫ থেকে ১২ নভেম্বর। সেখানকার অশ্বিনীকুমার হলে প্রদর্শনী হবে প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত। এ ছাড়া ঢাকায় রিকশাভ্যানে এবং বরিশালে নৌকায় করে এর ভ্রাম্যমাণ প্রদর্শনীর আয়োজন করা হবে। কথাকলি নৃত্য কর্মশালাশান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে কথাকলি নৃত্য কর্মশালা। গতকাল সোমবার শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষ্রেকথাকলি নৃত্য কর্মশালার ওপর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন কামাল লোহানী, সমরজিত্ রায় চৌধুরী, লিলি ইসলাম, মজিবুর রহমান, আবু জুবায়ের, তামান্না রহমান, আফরোজা আফরিন প্রমুখ। শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী কথাকলি নৃত্যে এই দেশের সংস্কৃতির সঙ্গে নতুন সংযোজন হিসেবে উল্লেখ করেন। কর্মশালা সম্পর্কে নানা দিক তুলে ধরে বক্তব্য দেন্রতামান্না রহমান।