সবাই আমাদের ঈর্ষা করছে: কারিনা
বলিউডের অভিনয়শিল্পী কারিনা-সাইফের চার বছরের সম্পর্কে ভাঙনের খবরটি সাইফ আলী খান এরই মধ্যে অস্বীকার করেছেন। এবার দুজনের সম্পর্কে চিড় ধরার খবরটি উড়িয়ে দিলেন কারিনাও। একেবারে ভিত্তিহীন ও বানোয়াট খবর উল্লেখ করে সম্পর্কের ব্যাপারটি নিয়ে মুখ খুলেছেন কারিনা কাপুর। মুম্বাই মিররকে দেওয়া সাক্ষাত্কারে কারিনা কাপুর বলেছেন, ‘অনেকেই আমাদের দুজনের সম্পর্ককে ভালোভাবে মেনে নিতে পারছে না। এ জন্য তাঁরা সবাই ঈর্ষান্বিত। আমাদের দুজনের প্রতি ঈর্ষান্বিত হয়েই তাঁরা খবরটি প্রকাশ করা হয়েছে।’কারিনা আরও বলেন, ‘আমার মনে হয়েছে বলিউডে দুজন মানুষ সুখী জীবনযাপন করুক সেটা অনেকেই মানতে চায় না। আমরা আমাদের ক্যারিয়ারের সবচেয়ে ভালো সময়টা পার করছি। যা অনেকরেই মাথাব্যথার কারণ। আমি খুবই মর্মাহত এবং কষ্ট পেয়েছি খবরটি পড়ার পর। তবে এটা ঠিক যে খবরটির বিন্দুমাত্র সত্যতাও যদি থাকত তাহলে এতে আমি কোনো কিছুই বলতাম না। আমাদের নিয়ে যে গুঞ্জন চলছে, তা খুবই বিরক্তিকর ও পুরোপুরি ভিত্তিহীন। এমনকি পারিবারিকভাবে আমাদের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে। তবে এটা নিশ্চিত করে বলতে পারি দুজনই খুব ভালো আছি।’এদিকে বিয়ের গুজব সম্পর্কে কারিনা কাপুর বলেন, ‘আমরা দুজনেই এখন শুটিং নিয়ে খুবই ব্যস্ত। আগামী ডিসেম্বরে মুক্তি পেতে যাচ্ছে আমাদের এজেন্ট বিনোদ ছবিটি। এত ব্যস্ততার মধ্যে আমাদের বিয়ে করার সময়টা কোথায়? আর যদি বিয়ের দিন-তারিখ ঠিকই হবে সেটা তো অবশ্যই সবাই জানতে পারবেন।’উল্লেখ্য, গত রোববার এনডিটিভি সাইফ-কারিনার ভাঙনের খবরটি প্রকাশ করে।