সবাইকে নিয়ে উদ্যাপন করতে চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রসংগীতের সংগঠন রবিরাগের দুই যুগ পূর্তি উপলক্ষে দুই দিনের উৎসব আয়োজন করা হয়েছে। ‘দুই পারে কানাকানি’ শীর্ষক এই উৎসব আজ সন্ধ্যা সাতটায় শুরু হচ্ছে বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে। উৎসব নিয়ে কথা হলো রবিরাগের পরিচালক সাদি মহম্মদের সঙ্গে।‘দুই পারে কানাকানি’ উৎসব আয়োজনে আগ্রহী হলেন কেন?দুই যুগ পর জন্মদিন উদ্যাপন—এটা কিন্তু বড় ব্যাপার। আর তা শুধু নিজেরা কেন উদ্যাপন করব? আমরা চেয়েছি, সবাইকে নিয়ে একটা উৎসব হোক। বাংলাদেশের পাশাপাশি এখানে থাকবেন কলকাতার শিল্পীরাও। সেভাবেই সব পরিকল্পনা করেছি। কলকাতা থেকে প্রবীণ রবীন্দ্রসংগীতশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছি।কোন দৃষ্টিকোণ থেকে দ্বিজেন মুখোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন?এখন রবীন্দ্রসংগীতের যে কজন বয়োজ্যেষ্ঠ শিল্পী রয়েছেন, দ্বিজেন মুখোপাধ্যায় তাঁদের মধ্যে অন্যতম। আমরা তাঁকে রবীন্দ্রসংগীতের কান্ডারি বলে মনে করছি। তাই তাঁকে আমন্ত্রণ জানিয়েছি। আজ সন্ধ্যায় তিনি ২৪টি মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে এই উৎসব উদ্বোধন করবেন। তাঁর সঙ্গে কলকাতা থেকে আরও আসছেন অপলা বসু, দীপঙ্কর পাল, অতীন মুখোপাধ্যায় ও মালা দেববর্মণ। আজকের অনুষ্ঠানে তাঁরাও গান করবেন। রাত নয়টায় শুরু হবে দ্বিজেন মুখোপাধ্যায়ের একক গানের অনুষ্ঠান।উৎসবের উদ্বোধনী সংগীত কোনটি?দুটো গান নির্বাচন করেছি—‘মোর সন্ধ্যায় তুমি সুন্দর বেশে এসেছ’ ও ‘সত্যমঙ্গল প্রেমময় তুমি’।উৎসবে কারা গান করবেন?আজ গান করবেন রেজওয়ানা চৌধুরী বন্যা, ইফফাত আরা দেওয়ান, পাপিয়া সারোয়ার, তপন মাহমুদ, মিতা হক, ফাহিম হোসেন চৌধুরী ও মিলিয়া আলী। কাল বিকেল সাড়ে পাঁচটায় বৃন্দগান পরিবেশ করবে সুরতীর্থ, সুরের ধারা, গীতসুধা, বৈতালিক, রবিরশ্মি ও গীতাঞ্জলি। রাত আটটায় শুরু হবে নৃত্যাঞ্চলের পরিবেশনায় শিবলী মহম্মদ ও শামীম আরা নীপার পরিচালনায় গীতিনৃত্যনাট্য শাপমোচন। সংগীত পরিচালনার কাজটা করেছি আমি। আর প্রতিদিন রবিরাগের গান তো থাকবেই। ‘শাপমোচন’ তো এর আগেও আপনারা করেছিলেন।হ্যাঁ, তখন আমরা রবিরাগ গান আর সংলাপ বলেছিলাম, নৃত্যাঞ্চল নাচের অংশটি করেছিল। কিন্তু এবার গান আর সংলাপ আগে থেকেই রেকর্ড করিয়েছি। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর জীবদ্দশায় অনেকবার শাপমোচন করেছিলেন। প্রতিবারই তিনি এর সঙ্গে নতুন কিছু যোগ করেছিলেন, প্রয়োজনে বাদ দিয়েছিলেন। সাধারণত শাপমোচনকে যেভাবে সবাই দেখে, এবার তার থেকে একটু আলাদা করার চেষ্টা করেছি। তবে পুরোটাই রবীন্দ্রনাথের ভাবনা থেকেই নেওয়া হয়েছে। বিনোদন প্রতিবেদক