সবার আগে দরকার 'পারফেকশন'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেলাল হাফিজ
হেলাল হাফিজ

‘আমি আমার প্রথম বই যে জলে আগুন জ্বলে বের করেছিলাম লেখালেখির ১৭ বছর পার করার পর। আমার চাওয়া ছিল, এমন একটি বই হোক তা যেন সহজে হারিয়ে না যায়। এ জন্যই সময় নিয়েছি। মানুষের মনে রাখার মতো একটা বই বের করার চেষ্টা করেছি। কতটুকু পেরেছি তা পাঠকেরা বলতে পারবেন।’ বলছিলেন কবি হেলাল হাফিজ। অনুষ্ঠানে তরুণ লেখকদের পরামর্শ দিতে গিয়ে নিজের বই প্রকাশের অভিজ্ঞতা বিনিময় করেন তিনি।

হেলাল হাফিজ বলেন, ‘কোনো জিনিসে ‘‘পারফেকশন’’ না এলে সেটা বের করার দরকার নেই। যতক্ষণ না আপনার লেখা প্রকাশ হচ্ছে, ততক্ষণ কিন্তু সেটা আপনার কাছে অমূল্য।

আয়োজনের নাম ছিল ‘অধিবর্ষ সন্ধ্যা’। গতকাল সন্ধ্যায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে এটি আয়োজন করেছিল ‘আইকনিক’ নামের একটি সংগঠন। এতে হেলাল হাফিজের সঙ্গে অতিথি হয়ে এসেছিলেন লেখক ও ইতিহাসবিদ ড. সৈয়দ আনোয়ার হোসেন। আর ‘অধিবর্ষ সন্ধ্যা’ নিয়ে কথা বলেন প্রখ্যাত রম্যলেখক আহসান কবির ও কবি মাহবুব আজীজ।

এ আয়োজনে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন তরুণ লেখক। যাঁদের আলোচনার বিষয় ছিল ‘ফেব্রুয়ারি মানেই কি বই কেনা ও পড়া শেষ?’
এ ছাড়া অনুষ্ঠানে নিজের লেখা কবিতা আবৃত্তি ও গান গেয়ে শোনান কেউ কেউ। সংগীতশিল্পী ধ্রুব গুহর গান ও মিলনের বাঁশি মুগ্ধ করে দর্শকদের।

অনুষ্ঠানের মাঝে ও শেষে নিজের কবিতা আবৃত্তি করে শোনান হেলাল হাফিজ। কবির আবৃত্তিতে নতুন-পুরোনো কবিতায় বুঁদ হয়ে থাকেন শ্রোতা-দর্শকেরা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সাংবাদিক ও লেখক তানভীর তারেক।