সবার জন্য ছাপচিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাপচিত্রের অনেকগুলো অনুলিপি করা যায় বলে টাকার অঙ্কে ছবির মূল্য কমে যায়। এই যেমন গতকাল থেকে শুরু হওয়া ‘কিবরিয়া ছাপচিত্র মেলা’য় মাত্র ৫০০ টাকায় কিনতে পাওয়া যাচ্ছে ছবি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার জয়নুল গ্যালারিতে মেলাটি চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। কলাকেন্দ্রের শিল্পীদের উদ্যোগে মেলাটি আয়োজন করেছে কিবরিয়া ছাপচিত্র মেলা উদ্যাপন পরিষদ। ‘সবার জন্য ছাপচিত্র’ স্লোগান নিয়ে ২০১২ সালে প্রথম আয়োজিত হয় এই মেলা।
গতকাল সন্ধ্যায় মেলার উদ্বোধন করেন সাংসদ সিমিন হোসেন রিমি। আরও ছিলেন শিল্পী সমরজিৎ রায় চৌধুরী, রফিকুন নবী ও আবুল বারক আলভী। অনুষ্ঠানে আজীবন সম্মাননা দেওয়া হয় শিল্পী মাহমুদুল হককে।
এ বছর ১৬টি প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে। এগুলো হলো—ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ, কলাকেন্দ্রের কিবরিয়া প্রিন্টমেকিং স্টুডিও, সফিউদ্দীন বেঙ্গল প্রিন্টমেকিং স্টুডিও, বাংলাদেশ প্রিন্টমেকার্স অ্যাসোসিয়েশন, শূন্য আর্ট স্পেস, আতেলিয়ার ৭১, কসমস আতেলিয়ার ৭১, বর্ণিকা প্রিন্ট স্টুডিও, কারখানা আর্ট স্পেস, স্টুডিও ৪৮।