সবার নজর তিন্নির দিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের ঈদে মোট আটটি চলচ্চিত্র মুক্তি পাচ্ছে। মুক্তিপ্রাপ্ত বড় পর্দার ছবিগুলোর নতুন তারকা বলতে একমাত্র শ্রাবস্তী তিন্নি। সোহানুর রহমান সোহানের ‘সে আমার মন কেড়েছে’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ছোট পর্দার আলোচিত এই মডেল ও অভিনেত্রী। ফলে অপু বিশ্বাস, সাহারা ও নিপুণদের পাশাপাশি সবার নজর এখন তিন্নির দিকে।শাকিব খানের বিপরীতে ‘সে আমার মন কেড়েছে’ ছবিটিতে দর্শক কীভাবে তাঁকে গ্রহণ করবেন—এটাই এখন চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিদের প্রধান ভাবনা। তবে প্রদর্শকদের মধ্যে এ ছবি নিয়ে এবারের ঈদে ব্যাপক আগ্রহ লক্ষ করা গেছে। অবশ্য সোহানুর রহমান সোহান যখন শাকিব খানের বিপরীতে ‘সে আমার মন কেড়েছে’ ছবিতে অভিনয়ের জন্য তিন্নিকে চুক্তিবদ্ধ করেছিলেন, তখনই চলচ্চিত্র অঙ্গনে তাঁকে নিয়ে বেশ আলোচনা তৈরি হয়েছিল। ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রীর প্রথমবারের মতো কোনো ছবির প্রধান চরিত্রে অভিনয় সবার মধ্যে আগ্রহ সৃষ্টি করে। তা ছাড়া শুটিং ও ডাবিংয়ের সময়ও পরিচালকসহ সংশ্লিষ্ট অনেকেই তিন্নির অভিনয়ের বেশ প্রশংসা করেছেন।তিন্নি প্রথম আলো ডটকমের সঙ্গে আলাপকালে বলেন, ‘আমার বিশ্বাস, আমাকে নিয়ে প্রযোজক ও পরিচালকদের মধ্যে যে আশা তৈরি হয়েছে, হয়তো তা পূরণ হবে।’ তিনি এও বলেন, চলচ্চিত্রে নিয়মিত কাজ করার ব্যাপারটি কিন্তু নির্ভর করছে ‘সে আমার মন কেড়েছে’ এই ছবির সাফল্যের ওপর। ‘সে আমার মন কেড়েছে’ ছবিটি প্রযোজনা করেছে সন্ধানী কথাচিত্র। ছবির গল্প লিখেছেন অনন্য মামুন, সংলাপ রচনায় ছটকু আহমেদ। গল্পে তিন্নিকে শিল্পপতির একমাত্র আদরের মেয়ে হিসেবে উপস্থাপন করা হয়েছে। ব্যবসার কারণে বাবা ব্যস্ত থাকায় একমাত্র মেয়েকে প্রত্যাশা অনুযায়ী সময় দিতে পারেন না। আর এ কারণে একদিন অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যান তিন্নি। পথে দুর্ঘটনায় গাড়িচোর শাকিব খানের সঙ্গে পরিচয় ঘটে তাঁর। এরপর ঘটনা-দুর্ঘটনার একটা পর্যায়ে শাকিবের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়, শুরু হয় নতুন দ্বন্দ্ব-সংঘাত।শাকিব ও তিন্নি ছাড়া ‘সে আমার মন কেড়েছে’ চলচ্চিত্রের অভিনয়শিল্পীরা হলেন আলমগীর, আহমেদ শরীফ, শর্মিলী আহমেদ, মিশা সওদাগর, রেহানা জলি, আফজাল শরীফ প্রমুখ।