সবার সামনে বলা যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাপ্পী চৌধুরী
বাপ্পী চৌধুরী

অনেক ‘প্রথম’কে সঙ্গী করেই জীবন কাটাতে হয়। নিতে হয় অভিজ্ঞতা। তারকাদের জীবনেও এমন প্রথম অভিজ্ঞতা রয়েছে। তাঁদের এমন প্রথম পাঁচটি অভিজ্ঞতা নিয়েই ‘প্রথম পাঁচ’। আজ এই বিভাগে থাকছেন অভিনেতা বাপ্পী চৌধুরী।

প্রথম প্রেম
তখন আমি নারায়ণগঞ্জ কলেজের প্রথম বর্ষের ছাত্র। আমাদের সঙ্গে পড়ত এমন একটি মেয়েকে ভালো লাগত আমার। প্রতিদিনই ক্লাসে মেয়েটির সঙ্গে কথা বলতে গিয়ে ব্যর্থ হতাম। মেয়েটি সব সময়ই চুপচাপ থাকত। একদিন সাহস করে মেয়েটির মুখোমুখি হলাম। বললাম, তোমার সঙ্গে আমার কথা আছে। মেয়েটি বলল, ‘বলো।’ বললাম, সবার সামনে বলা যাবে না। কিন্তু মেয়েটি আমার দিকে খানিকক্ষণ তাকিয়ে থাকল। আমি ভয় পেয়ে তাড়াতাড়ি কেটে পড়লাম। একই পাড়ায় ছিল দুজনের বাসা। একঝলক দেখার আশায় বিকেল হলেই মেয়েটির বাসার সামনে গিয়ে বন্ধুরা মিলে খেলতাম, বসে থাকতাম। একসময় কলেজের পাট চুকিয়ে ঢাকায় চলে আসি। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। মেয়েটিও মন থেকে দূরে সরে যেতে থাকে। এরপর আর কখনো দেখা হয়নি ওর সঙ্গে।

প্রথম পারিশ্রমিক
২০১২ সালের ঘটনা। ভালোবাসাররংছবিতে অভিনয়ের জন্য ৫০ হাজার টাকা পেয়েছিলাম। চুক্তিবদ্ধ হওয়ার দিন আমাকে ২০ হাজার টাকা দেওয়া হয়েছিল। শুটিংয়ের সব পোশাক প্রযোজনা প্রতিষ্ঠান দিয়েছিল। তারপরও ওই ২০ হাজার টাকার সঙ্গে আরও ১০ হাজার টাকা যোগ করে আমি নিজেই শুটিংয়ের জন্য আরও পোশাক কিনেছিলাম।

প্রথম ক্যামেরার সামনে

ভালোবাসাররংছবিতে কাজ করতে গিয়ে প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম। চলচ্চিত্রে অভিনয়ের ব্যাপারে বাসা থেকে কড়া নিষেধ ছিল। আমি শুটিংয়ের আগের দিন বাসা থেকে পালিয়ে আসি। পরের দিন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ভূঁইয়া বাড়িতে প্রথম শুটিংয়ে অংশ নিই। প্রথম দৃশ্যই নায়করাজ রাজ্জাকের সঙ্গে! ভয় ভয় লাগছিল! ছবির নায়িকা মাহির দাদা রাজ্জাক সাহেবের লাঠি চুরি করে আনতে হবে। প্রথম শটেই দৃশ্যটি ওকে হয়েছিল।

প্রথম অটোগ্রাফ

ভূঁইয়া বাড়িতে শুটিং চলছিল। সকালেই তিনজন মেয়ে এসে আমার সঙ্গে ছবি তুলতে চাইলেন। ছবি তোলার পর অটোগ্রাফ চাইলেন। শুনে, আমি তো অবাক! কারণ এটাই আমার প্রথম ছবি। কেউ-ই আমাকে চেনে না। তাই অটোগ্রাফ দিতে রাজি হলাম না। তিনজন সেই সকাল থেকেই অটোগ্রাফের জন্য বসে থাকলেন। সন্ধ্যার সময় পরিচালক শাহিন খান অটোগ্রাফ দিতে বললেন আমাকে। কী আর করা, শেষ পর্যন্ত অটোগ্রাফ দিলাম। সেদিন তাঁদের একজন আমাকে বলেছিলেন, ‘আপনার এই অটোগ্রাফ বাঁধাই করে রাখব। কারণ, একদিন বড় তারকা হবেন। যদি তিন-চার বছর পর আবার আপনার সঙ্গে দেখা হয়, তাহলে আমার কথার সঙ্গে মিলিয়ে নিয়েন।’ মেয়েটির কথা শুনে হেসেছিলাম সেদিন।

প্রথম বই পড়ার অভিজ্ঞতা

যখন তৃতীয়-চতুর্থ শ্রেণিতে পড়ি, তখন ‘চাচা চৌধুরী’ কমিকস বেশি পড়া হতো। আমাদের বাসার পাশেই সুধীজন পাঠাগার ছিল। বাবার সঙ্গে গিয়ে ওখানে বই পড়তাম। এরপর শেষেরকবিতাসহ রবীন্দ্রনাথের ছোটগল্প নিয়মিত পড়তাম। এখনো সময় পেলে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত ছোটগল্প নিয়মিত পড়ি।