সবুজ সংকেত পেলেন জেমস বন্ড
অবশেষে জেমস বন্ডকে সবুজ সংকেত দিল ভারত রেলওয়ে। ‘জেমস বন্ড’ সিরিজের ২৩তম ছবির শুটিংয়ের ব্যাপারে ভারতের রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদি ইতিবাচক মন্তব্য করেছেন। ছবিটির নির্মাতা প্রতিষ্ঠান আহমেদাবাদ ও গোয়ায় শুটিং করতে চায়। তারা ওই দুটি স্থানের রেললাইনে সাধারণের চলাচলের ওপর খানিকটা নিয়ন্ত্রণ আরোপের অনুরোধ জানায়। দিনে সাত থেকে আট ঘণ্টা ওই পথে ট্রেন চলাচল বন্ধ রেখে টানা সাত দিন শুটিংয়ের অনুমতি চায় জেমস বন্ড ছবির নির্মাতা প্রতিষ্ঠান টেক ওয়ান। এখানেই মন্ত্রী ও রেল কর্তৃপক্ষের মৃদু আপত্তি ছিল। শুটিংয়ের কারণে যাত্রীসাধারণ কায়-ক্লেশে পড়লে পাছে বদনাম হয়ে যায়! এ ছাড়া বিশেষ একটি ট্রেন বরাদ্দের আবেদন জানায় নির্মাতা প্রতিষ্ঠানটি। পাশাপাশি শুটিং চলাকালে রেলওয়ের যেকোনো ধরনের ক্ষতি তারা পুষিয়ে দেবে বলে প্রতিশ্রুতি দেয়। নিজেদের কিছু সুবিধার পরও রেল কর্তৃপক্ষ শেষমেষ টেক ওয়ানের প্রস্তাবে রাজি হয়। শত হলেও আন্তর্জাতিক মানের জনপ্রিয় একটি চরিত্র জেমস বন্ড বলে কথা। তা ছাড়া বন্ডের সুবাদে ভারতীয় রেলওয়ের সুনাম ও মর্যাদাও খানিকটা বাড়ল। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চ নাগাদ ছবির শুটিং হবে। আইএএনএস।