সবুজে সবুজ প্রসেনজিৎ

‘আশপাশে সবুজ ছাড়া আমি থাকতেই পারি না। এক টুকরো সবুজের অস্তিত্বও আমাকে আন্দোলিত করে। আমার অফিসে এমনভাবে বসার ব্যবস্থা করেছি যাতে ইচ্ছে হলেই আমার বাগানের দিকে সরাসরি তাকাতে পারি। বাগান করা আমার খুবই পছন্দের একটি কাজ। এই কাজটি আমাদের শরীর ও মনের জন্য খুব ভালো।’ সম্প্রতি এভাবেই সবুজের প্রতি নিজের ভালোবাসার কথা জানালেন কলকাতার জনপ্রিয় তারকা অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
খালি পায়ে ঘাসের ওপর দিয়ে হাঁটতে অনেক পছন্দ করেন বলেও জানিয়েছেন ৫২ বছর বয়সী প্রসেনজিৎ। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘সকালে খালি পায়ে ঘাসের ওপর দিয়ে হাঁটা স্বাস্থ্যের জন্য উপকারী। শীত মৌসুমে প্রায়ই আমি এ কাজটি করি।’
শৈশবে বাগানের পরিচর্যার পেছনে অনেক সময় ব্যয় করতেন বলে জানিয়েছেন প্রসেনজিৎ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দমদমে আমাদের পুরোনো বাড়ির কথা এখনও আমার স্পষ্ট মনে আছে। বাড়িটি ঘিরে ছিল বিশাল বাগান। ছেলেবেলায় বাগানের পরিচর্যার পেছনে আমি প্রচুর সময় দিতাম। আমাদের বাড়ির বিপরীত দিকে একটি ক্রিসমাস গাছ ছিল। আমি প্রায়ই গাছটির দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকতাম।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
প্রসেনজিৎ আরও বলেন, ‘অনেক দিন থেকেই আমাদের পুরোনো বাড়ির মতো একটি বাড়ি খুঁজছিলাম। শেষ পর্যন্ত বালিগঞ্জে একটি বাড়ির সন্ধান পাই। বাড়িটির সামনে কয়েকটি গ্যারেজ ছিল। সেগুলো ভেঙে বাগান করেছি। প্রধান ফটক থেকে বাড়ির প্রবেশদ্বার পর্যন্ত সারি করে গাছ বুনেছি। বাড়িতে একটি পাইনগাছ আছে। আগামী ক্রিসমাসে আমার ছেলে মিশুক আসবে। তখন পাইন গাছটিকে চমৎকার করে সাজাব আমি। প্রতিটি বাঙালি বাড়ির মতো আমার বাড়িতেও তুলসিগাছ আছে।’