
‘তোমার সানি যুদ্ধে যাবে/ মুখটি করে চাঁদ পানা/ কোল ন্যাওটা তোমার নিনি/ বোমার ভয়ে আধখানা...’—ছেলে কাজী সব্যসাচী ও কাজী অনিরুদ্ধকে নিয়ে এ ছড়াটি প্রায়ই আবৃত্তি করতেন বাবা কাজী নজরুল ইসলাম। নিজের শৈশব স্মৃতিতে মায়ের মুখে শোনা এ ছড়ার কথা উল্লেখ করে কাজী সব্যসাচী লিখেছিলেন, ‘কী দেখে যে বাবা আমায় বীর ভেবেছিলেন জানি না, তবে পরে অবশ্য খুবই একরোখা হয়েছিলাম। ছেলেবেলায় ছিলাম ছিঁচকাঁদুনে, এক নাগাড়ে দু-তিন ঘণ্টা একই টিউনে কেঁদে কান্নার রেকর্ড করেছিলুম।’ কাজী সব্যসাচীর ডাকনাম সানি। কবি কাজী নজরুল ইসলামের প্রিয় চীনের বিপ্লবী নেতা সান-ইয়াৎ সেনের নাম থেকে এ নাম রাখা হয়। আর লেনিনের নাম অনুসরণে কাজী অনিরুদ্ধকে ‘নিনি’ নামে ডাকতেন কবি।
প্রবাদপ্রতিম আবৃত্তিশিল্পী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জ্যেষ্ঠ পুত্র কাজী সব্যসাচীর ৩৭তম মৃত্যুবার্ষিকী ছিল গতকাল। ১৯২৯ সালের ৯ অক্টোবর জন্ম নেওয়া এই শিল্পী ১৯৭৯ সালের ২ মার্চ মারা যান। তাঁকে স্মরণ করে দেওয়া হলো ‘কাজী সব্যসাচী স্মৃতি পুরস্কার ২০১৬’। বিকেলে বাংলাদেশ জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে এ পুরস্কার প্রদানের আয়োজন করে কাজী সব্যসাচীর পরিবার।
এবার এ পুরস্কার পেয়েছেন পশ্চিমবঙ্গের বিখ্যাত আবৃত্তিশিল্পী ও অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় এবং দেশের বিশিষ্ট আবৃত্তিশিল্পী কাজী আরিফ।
অনুষ্ঠানের শুরুতে কাজী পরিবারের সদস্যরা অতিথিদের ফুল ও উত্তরীয় দিয়ে বরণ করে নেন। আশপাশে কয়েকটি পর্দায় কয়েকটি বিশাল আকৃতির প্রতিকৃতিতে জীবন্ত সব্যসাচী। স্বাগত বক্তব্য দেন কাজী সব্যসাচীর মেয়ে খিলখিল কাজী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। সভাপতি ছিলেন নজরুল গবেষক ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম। আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সাহিত্যিক সৈয়দ শামসুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, গোলাম কুদ্দুছ, নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ইকরাম আহমেদ প্রমুখ। কাজী পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাজী সব্যসাচীর স্ত্রী উমা কাজীসহ অনেকে।
অনুষ্ঠানে সব্যসাচীর আবৃত্তিকে মেদহীন অর্থপূর্ণ বলে মন্তব্য করেন অধ্যাপক আনিসুজ্জামান। রামেন্দু মজুমদার শেষবার নজরুলের মৃত্যুর দিন শেষবারের মতো দেখা সব্যসাচীর স্মৃতিচারণা করেন। সৈয়দ শামসুল হকের মতে, সব্যসাচীর কণ্ঠে নজরুলের কবিতা যেন নজরুলের ভেতরের কণ্ঠটাই শোনার মতো। অধ্যাপক রফিকুল ইসলাম মনে করেন, সব্যসাচী বেঁচে থাকবেন তাঁর বলিষ্ঠ কিন্তু মধুর আবৃত্তির মধ্য দিয়ে।
বিশিষ্ট আইনজীবী রফিক-উল হক সৌমিত্রের সঙ্গে শিক্ষাজীবনের চার বছরের স্মৃতিচারণা করে বলেন, ও সারাক্ষণ গার্লফ্রেন্ডের সঙ্গে ব্যাডমিন্টন খেলত। রফিক-উল হকের কথায় লজ্জায় হাসলেন সৌমিত্র আর মিলনায়তনজুড়ে তখন করতালি আর দীর্ঘ হাসি।
সন্ধ্যা সাড়ে সাতটায় সৌমিত্র চট্টোপাধ্যায় অল ইন্ডিয়া রেডিওতে সানির (কাজী সব্যসাচী) সঙ্গে কাজসহ বিভিন্ন মঞ্চে আবৃত্তির স্মৃতিচারণা করেন। অকপটে বললেন, সানি আবৃত্তি মাধ্যমটাকে একাই শিল্প হিসেবে বাঁচিয়ে রেখেছিল। ওর কণ্ঠস্বরে জাদু ছিল, ইন্দ্রজাল ছিল। নিজের প্রতিক্রিয়া জানানোর পর ‘আমার কৈফিয়ৎ’ কবিতাটি আবৃত্তির সময় পাওয়া গেল পুরোদস্তুর আবৃত্তিকার সৌমিত্র চট্টোপাধ্যায়কে। কাজী আরিফ সব্যসাচীকে গুরু বলে মন্তব্য করে স্মৃতিচারণ করেন।
আলোচনা ও পুরস্কার প্রদানের পর ছিল সাংস্কৃতিক আয়োজন।