
গতকাল শুক্রবার দিনভর উৎসবমুখর পরিবেশে নির্বাচন শেষে বিজয়ীর হাসি হাসলেন নির্মাতা গাজী রাকায়েত। ডিরেক্টরস গিল্ডের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি। ডিরেক্টরস গিল্ডের নির্বাচনে গাজী রাকায়েতের কাছে হেরেছেন জাহিদ হাসান ও কায়েস চৌধুরী। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এস এ হক অলীক। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। আজ শনিবার ভোরে ডিরেক্টরস গিল্ডের ফলাফল ঘোষণা করা হয়।
আজ সকাল ১০টায় প্রথম আলোর সঙ্গে আলাপে সাধারণ সম্পাদক এস এ হক অলীক বলেন, ‘পরিচালক বন্ধুদের সবাই আমাকে ভালোবেসে ভোট দিয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত করেছেন, তাই সবার জন্য কৃতজ্ঞতা। নতুন কমিটি শপথ নেওয়ার পর থেকে আমাদের যে নির্বাচনী ওয়াদা ছিল, তা পূরণে কাজ শুরু করব। আমাদের প্রথম কাজ হবে পরিচালকদের স্বার্থ উদ্ধারের বিষয়ে জোর দেওয়া।’
অলিক আরও বলেন, ‘কয়েক বছর ধরে আমাদের নাট্যাঙ্গনে শিল্পী, কলাকুশলী, টেলিভিশন চ্যানেল, প্রযোজক, পরিচালকদের মধ্যে একটা দূরত্ব দৃশ্যমান। আমাদের কাজ হবে এই দূরত্ব কমিয়ে আনা। একটা শৃঙ্খলার মধ্যে সবাইকে আনার চেষ্টা থাকবে। সবার সঙ্গে একটা সুন্দর সম্পর্ক যেন থাকে, সে বিষয়টির দিকে আমরা জোর দেব। এখন থেকে যে–কেউ চাইলেই নাটক বানিয়ে চ্যানেলে জমা দিয়ে দিতে পারবেন না। আমরা সব কটি চ্যানেলে ডিরেক্টরস গিল্ডের সবার নামের একটা তালিকা পাঠিয়ে দেব। এই সদস্য ছাড়া কারও নাটক যেন চ্যানেল প্রচার না করে, সে বিষয়ে অনুরোধ করব। পুরো ব্যাপারটি করা হবে নাটকের স্বার্থে।’
অলিক এও বলেন, ‘ডিরেক্টরস গিল্ডের নির্বাচনকে ঘিরে পুরো শিল্পকলা এলাকায় একটা দারুণ উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। অনেক পুরোনো নির্মাতা সেদিন এসেছিলেন। বহুদিন এমন দৃশ্য দেখা যায়নি। আমরা সবার মাঝে এই সুন্দর সম্পর্ক ধরে রাখতে চাই। আমরা সবাই নির্বাচন করেছি ঠিকই, কিন্তু সবার মধ্যে একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় ছিল।’
গতকাল ঢাকার সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সাততলার চার নম্বর কক্ষে উৎসবমুখর পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন সকাল নয়টায় শুরু হয়ে মাঝে এক ঘণ্টার বিরতি ছাড়া বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ হয়েছে। সংগঠনটির ৩৮৬ জন ভোটারের মধ্যে ৩৫২ জন ভোট প্রদান করেন। বিকেল সাড়ে পাঁচটায় ভোটগণনা শুরু করা হয়। রাতভর কৌতূহল নিয়ে অবস্থান করেছেন নির্মাতারা। অবশেষে ভোরে ফলাফল ঘোষণা করা হয়েছে। ডিরেক্টরস গিল্ডের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ড. ইনামুল হক। আর কমিশনার পদে দায়িত্ব পালন করেন এস এম মহসীন ও খায়রুল আলম সবুজ।
এক নজরে ডিরেক্টরস গিল্ড নির্বাচনের ফলাফল
সভাপতি: গাজী রাকায়েত
সহসভাপতি: কচি খন্দকার, সকাল আহমেদ, সৈয়দ শাকিল
সাধারণ সম্পাদক: এস এ হক অলীক
সহসাধারণ সম্পাদক: হৃদি হক, মাসুদ মহিউদ্দিন
সাংগঠনিক সম্পাদক: কামরুজ্জামান সাগর
অর্থ সম্পাদক: নঈম ইমতিয়াজ নেয়ামূল
প্রচার সম্পাদক: জুয়েল মাহমুদ
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ১০ জন। এঁদের মধ্যে আছেন আহমেদ ইউসুফ সাবের, কায়সার আহমেদ, শামীমা শাম্মী, ফিরোজ খান, ফেরারী অমিত, কৌশিক শংকর দাশ প্রমুখ।