সভাপতি হয়ে যা বললেন মামুনুর রশীদ

পিক টাইমে বিদেশি টেলিভিশন চ্যানেল সম্প্রচারের ক্ষেত্রে নীতিমালা তৈরি করে তা বাস্তবায়ন করতে চান ‘টেলিভিশন প্রোগ্রাম প্রোডিউসার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’-এর নির্বাচিত সভাপতি মামুনুর রশীদ। আজ সোমবার দুপুরে প্রথম আলোর সঙ্গে আলাপে এ কথা বলেন তিনি। গতকাল রোববার বিকেলে ঢাকার গুলশানের ইমানুয়েলস ব্যাংকুয়েট হলে উপস্থিত হয়ে নাটকের প্রযোজকেরা ভোট দিয়ে মামুনুর রশীদকে সভাপতি নির্বাচিত করেন।
প্রযোজকদের সংগঠনের নির্বাচিত কমিটি আর কী করবে, এমন প্রশ্নে মামুনুর রশীদ বলেন, ‘আমাদের এই সংগঠন নাটকের মানোন্নয়নে কাজ করে যাবে। আমার চেষ্টা থাকবে, প্রযোজকেরা যেন তাঁদের লগ্নিকৃত অর্থ ফেরতের নিশ্চয়তা পান। টেলিভিশন নাটকের এই সেক্টরে কিছু অনিয়ম চলে, আমরা চেষ্টা করব সেখানে শৃঙ্খলা ফিরিয়ে আনতে। দেশের চ্যানেলে এখন যে বিভিন্ন বিদেশি সিরিয়াল প্রচার হচ্ছে, সে ব্যাপারে আমাদের শক্ত অবস্থান থাকবে। কোনোভাবেই এসব সিরিয়াল যেন পিক টাইমে না চলে তা নিশ্চিত করব। কাজের পরিসর আরও বাড়ানোর চেষ্টাও করব। আপাতত নবনির্বাচিত কমিটি এসব পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবে।’
গতকাল সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ ও গণনা শেষে রাত দশটা নাগাদ ফলাফল ঘোষণা করা হয়। আলোচিত এ নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ ও সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অভিনেতা ইরেশ যাকের। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন সৈয়দ হাসান ইমাম। দুই নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন এস এম মহসীন ও মান্নান হীরা। নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিল ২১৪ জন। এর মধ্যে ১৯৮ জন উপস্থিত হয়ে ভোট দেন।