সভ্যতার সংকট ও অন্যান্য
রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে ‘কনটেম্পোরাইজিং টেগোর অ্যান্ড দ্য ওয়ার্ল্ড’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার শেষ হলো গত রোববার। তিন দিনের এ সেমিনার যৌথভাবে আয়োজন করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, শান্তিনিকেতনের বিশ্বভারতী ও নয়াদিল্লির জমিয়া মিল্লিয়া (একাডেমি অব থার্ড ওয়ার্ল্ড স্টাডিজ)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনের এই সেমিনারের শেষ দিনে তিনটি পর্বে নয়টি প্রবন্ধ উপস্থাপিত হয়। এ ছাড়া বিকেলে ছিল সমাপনী অনুষ্ঠান। এতে বিশ্বভারতীর উপাচার্য রজত কান্তি রায়ের সভাপতিত্বে সমাপনী বক্তব্য উপস্থাপন করেন সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ হাবিবুর রহমান। ধন্যবাদ জ্ঞাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান দেলোয়ার হোসেন। সেমিনার শেষে সন্ধ্যায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে রবীন্দ্রনাথের নাটক রক্তকরবীর নৃত্যনাট্যরূপ উপস্থাপন করে কলকাতার জানভি সেন্টার। এর নির্দেশনা দেন মধুবনি চট্টোপাধ্যায়।সমাপনী দিনে ‘ক্রাইসিস অব মডার্ন সিভিলাইজেশন’ ‘সোসিওলজি অব ক্রিয়েটিভিটি’, ‘অল্টারনেটিভ ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজিস’—এই তিনটি বিষয়ের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক হাসান আজিজুল হক, ইমতিয়াজ আহমেদ, আতিউর রহমান, আহমেদ রফিক, মুহাম্মদ আতিক রহমান, শ্রীলঙ্কার অরুণা মানাতুঙ্গা, ভারতের রাধা চক্রবর্তী, দ্বিপান্বিতা দত্ত ও স্বপন মজুমদার। বিভিন্ন পর্বে সভাপতিত্ব করেন সৈয়দ শামসুল হক, অমিত বড়ুয়া ও উদয় নারায়ণ সিং।