সমগীতের ‘হাওয়া’
‘গানগুলোর মধ্য দিয়ে আমরা সময়টাকে ধরার চেষ্টা করি। কিন্তু একে গণসংগীত বলা যাবে না। আবার জীবনমুখী গানও বলতে চাই না।’ বললেন অমল আকাশ। দলনেতা নয়, নিজের পরিচয়টা দিলেন সমগীতের একজন বলে। নিজেদের গান নিয়ে এমনটাই মনে করেন তিনি। সমগীতের শুরু ২০০২ সালে, নারায়ণগঞ্জে। এরপর এর শাখা হয়েছে ঢাকা, রাজশাহী ও চট্টগ্রামে। কোনো ব্যান্ড নয়, বিভিন্ন সাংস্কৃতিক আন্দোলনের মাঝে নিজেদের কর্মকাণ্ড সীমাবদ্ধ রেখেছেন সমগীতের সদস্যরা। গানটা এর মধ্যে মুখ্য। আকাশ বললেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আন্দোলনের সঙ্গে আমরা সম্পৃক্ত থেকেছি। লালন ভাস্কর্য ভাঙার প্রতিবাদ করেছি।’ এবারই প্রথম বের হচ্ছে সমগীতের অ্যালবাম। নাম হাওয়া। কাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে অ্যালবামটির মোড়ক খোলা হবে। আর এরপর গান করবে সমগীত। নিজেদের প্রথম অ্যালবামের গানগুলো প্রসঙ্গে আকাশ বললেন, ‘আমাদের বয়স তো আট বছর। এই সময়ের মধ্যে অনেক গান করেছি। তার মধ্য থেকে মাত্র নয়টি রাখছি এই অ্যালবামে। তাই খুব ভালো গানগুলো রাখার চেষ্টা করেছি। গানগুলোর সঙ্গে ছিল অ্যাকুস্টিক যন্ত্রের বাদন।’ অ্যালবামটি বাজারে আনছে বাহিরানা।