সমঝোতার মাধ্যমে বাংলাদেশ পথনাটক পরিষদের কমিটি?
ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের পথটি বন্ধ হওয়ার সব প্রস্তুতি শেষ। সমঝোতার ভিত্তিতে বাংলাদেশ পথনাটক পরিষদের কমিটির গঠনের সিদ্ধান্ত হয়েছে। গত ২৪ ডিসেম্বর সমঝোতা সভা অনুষ্ঠিত হয়। রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ, নাসিরউদ্দিন ইউসুফ, গোলাম কুদ্দুছ, লিয়াকত আলী ও ঝুনা চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয় সমঝোতার মাধ্যমে কমিটি করে দেওয়ার জন্য। বিবদমান দুই পক্ষের মধ্যে ছিলেন মান্নান হীরা ও কামাল বায়েজিদ।
জানা গেছে, গত ৬ জানুয়ারি এক সভার মাধ্যমে ২১ সদস্যের কমিটি গঠন করেন তারা। ঐ সভায় উপস্থিত ছিলেন রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ, নাসিরউদ্দিন ইউসুফ, গোলাম কুদ্দুছ। সভায় নেতারা নতুন কমিটি প্রস্তাব করেন।
নতুন কমিটিতে সভাপতি মান্নান হীরা (আরণ্যক) পুনর্নির্বাচিত, সহসভাপতি মিজানুর রহমান (ঢাকা পদাতিক) (আগের সাধারণ সম্পাদক) ও মোহাম্মদ বারী (থিয়েটার আর্ট ইউনিট), সাধারণ সম্পাদক আহেমদ গিয়াস (সুবচন), সহসাধারণ সম্পাদক আখতারুজ্জামান কিরণ (নাট্যদীপ), সাংগঠনিক সম্পাদক মো. শাহনেওয়াজ (মহাকাল), অর্থ সম্পাদক মঞ্জুর আলম সিদ্দিকী (মানস নাট্য অঙ্গন), তথ্য ও গবেষণা অলক বসু (নাট্যধারা), প্রশিক্ষণ সম্পাদক আবদুল হালিম আজিজ (দৃষ্টিপাত নাট্য দল), প্রকাশনা সম্পাদক সগির মোস্তফা (সাত্ত্বিক), প্রচার সম্পাদক আজিজুল পারভেজ (ইউনিভার্সেল থিয়েটার), দপ্তর সম্পাদক নিয়াজ আহমেদ (মৈত্রী থিয়েটার), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তোসাদ্দেক হোসাইন (পদাতিক নাট্য সংসদ বাংলাদেশ), অনুষ্ঠান সম্পাদক কাজী আনিস (দৃষ্টিপাত নাট্য সংসদ), নির্বাহী সদস্য রতন সিদ্দিকী (উদীচী), খন্দকার শাহ আলম (বাংলাদেশ থিয়েটার), মাসুদ সুমন (লোক নাট্যদল সিদ্ধেশ্বরী), খুরশিদ আলম (থিয়েটার-বেইলিরোড), হামিদুর রহমান (পদাতিক নাট্য সংসদ-টিএসসি), খোরশেদ আলম (মুক্তমঞ্চ-গাজীপুর) ও শাফায়েতুর রহমান (ভিশন থিয়েটার)। প্রস্তাবিত এ কমিটিকে সামনে রেখে আগামী ২১ জানুয়ারি সংগঠনের মুলতবি সভা হবে শিল্পকলা একাডেমিতে।
পরিষদের নতুন কমিটি নিয়ে হওয়া দুটি সভায় উপস্থিত নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার প্রথম আলোকে বলেন, পথ নাটক পরিষদ কর্মকাণ্ডকে আরও বেগবান করতে আমরা নানা দিক বিবেচনা করে নতুন কমিটি প্রস্তাব করি। এ ক্ষেত্রে আমাদের সবাই ঐকমত্যে পৌঁছালে পরিষদের গুটিকয়েক সদস্য বিরোধিতা করে।’ কমিটির ঐকমত্য নিয়ে হতাশা প্রকাশ করে রামেন্দু মজুমদার বলেন, মনে হয় না এ কমিটি জোড়া লাগবে। ৬ জানুয়ারি অনুষ্ঠিত সভায় উপস্থিত সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ প্রথম আলোকে জানান, কমিটি প্রস্তাবের আগে আমরা ভোটের প্রস্তাব দিলে সংশ্লিষ্টরাই অনুরোধ করেছিলেন ভোট ছাড়াই নতুন কমিটি করে দেওয়ার জন্য। সে বিবেচনায় আমরা যারা সরাসরি পথ নাটক চর্চার সঙ্গে নিয়মিত এবং সক্রিয়, তাঁদের প্রাধান্য দিয়ে কমিটি প্রস্তাব করি, যা দুই বছর কার্যকর থাকবে। এখন আমাদের প্রস্তাব না মানলে বিষয়টি জেষ্ঠ্যদের জন্য অপমানের শামিল হবে।’
প্রসঙ্গত, পরিষদের সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০১৪ সালের ২৪ অক্টোবর। ঐ সম্মেলনে গঠিত সাবজেক্ট কমিটি নতুন কমিটি প্রস্তাব করলে কয়েকজন নিজেদের আপত্তি জানান। পরে নির্বাচন প্রক্রিয়া মুলতবি করে বিদ্যমান কমিটিকে দায়িত্ব চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত দেওয়া হয়। এর পর কোনো সমঝোতা ছাড়াই ৮ মে ২০১৫ মুলতবি সভা আহ্বান করা হলে দুই পক্ষ দুই জায়গায় প্রস্তুতি গ্রহণ করেন। এ অবস্থায় সংস্কৃতিমন্ত্রীসহ জ্যেষ্ঠদের হস্তক্ষেপে সেটা স্থগিত হয়ে যায়।