সমঝোতা চেয়েছিলেন লিজ হার্লে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিজ হার্লে-শেন ওয়ার্ন
লিজ হার্লে-শেন ওয়ার্ন

গত বছরের ডিসেম্বরে বাগদান ভেঙে দিয়েছেন ব্রিটিশ মডেল ও অভিনেত্রী লিজ হার্লে এবং অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার শেন ওয়ার্ন। সম্প্রতি লিজ জানিয়েছেন, তিনি সমঝোতা চাইলেও শেনের কারণেই তাঁদের সম্পর্ক আর এগোয়নি।   
২০১১ সালে বাগদানের পর আলটিমো লিঙ্গারি ব্র্যান্ডের কর্ণধার মডেল ও নারী উদ্যোক্তা মিশেল মোনের সঙ্গে শেনের সখ্যের খবর চাউর হওয়ার পর লিজ ও শেনের সম্পর্কের ইতি ঘটে। ওই ঘটনায় প্রচণ্ড মুষড়ে পড়লেও লিজ আশা করেছিলেন শেনের সঙ্গে তাঁর সমঝোতা হবে। কিন্তু হঠাত্ করেই নিজেকে একাকী বলে ঘোষণা দেন শেন ওয়ার্ন।
সম্প্রতি লিজ তাঁর কাছের বন্ধুদের বলেছেন, বয়সে চার বছরের ছোট শেনের এমন আচরণে খুবই আহত হয়েছিলেন তিনি। প্রচণ্ড অপমানিতও বোধ করেছিলেন ৪৮ বছর বয়সী এ তারকা অভিনেত্রী। মূলত এ কারণেই শেনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার চূড়ান্ত সিদ্ধান্ত নেন তিনি। এক খবরে এমনটিই জানিয়েছে যুক্তরাজ্যের ক্লোজার ম্যাগাজিন।     
দীর্ঘ ১৩ বছর একসঙ্গে বসবাসের পর ২০০০ সালে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সম্পর্কের ইতি টানেন ব্রিটিশ অভিনেতা হিউ গ্র্যান্ট ও লিজ হার্লে। ২০০২ সালের ৪ এপ্রিল ছেলে ডেমিয়ান চার্লস হার্লের জন্ম দেন লিজ। ডেমিয়ানের বাবা যুক্তরাষ্ট্রের ধনাঢ্য ব্যবসায়ী স্টিভ বিং শুরুতে পিতৃত্ব অস্বীকার করলেও পরে ডিএনএ পরীক্ষায় বিষয়টির সত্যতা প্রমাণিত হয়। 

২০০২ সালের শেষদিকে ভারতের টেক্সটাইল ব্যবসায়ী অরুণ নায়ারের সঙ্গে প্রণয়ের সম্পর্ক গড়ে তোলেন লিজ। ২০০৭ সালের ২ মার্চ যুক্তরাজ্যে তাঁরা বিয়ে করেন। পরে ভারতের যোধপুরে হিন্দি রীতি অনুযায়ী আবার তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

২০১০ সালে শেন ওয়ার্নের সঙ্গে লিজের সখ্যের খবর প্রকাশিত হয়। পরের বছরের এপ্রিলে অরুণ নায়ারের সঙ্গে বিচ্ছেদের আবেদন করেন লিজ। জুন মাসে তাঁদের বিচ্ছেদ চূড়ান্ত হয়। এর তিন মাসের মাথায় শেন ও লিজ বাগদান সম্পন্ন করেন। কিন্তু ২০১৩ সালের ডিসেম্বরে বাগদান ভেঙে দেন এই জুটি।