সমবেত কণ্ঠে গান গেয়ে উদ্যাপন করা হবে বিজয় মুহূর্ত। গত বছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে থাকবে সেই আয়োজন। ‘সকলে মিলে দেশ-গান গাইবার, দেশ-কথা বলবার’ এই মিলন অনুষ্ঠানের যৌথ আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় ও ছায়ানট।
গতকাল শনিবার বিকেলে ছায়ানট মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ছায়ানটের সভাপতি সন্জীদা খাতুন। উপস্থিত ছিলেন শিল্পী খায়রুল আনাম শাকিল। সেখানে জানানো হয়, ১৬ ডিসেম্বর বেলা ৩টা ৪০ মিনিটে অনুষ্ঠানটির উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। দ্বিতীয়বারের এ আয়োজনের সঙ্গে এবার যুক্ত হয়েছে বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন। উৎসবে গাওয়ার জন্য নতুন একটি গান লিখেছেন গীতিকার কবির বকুল, সুর করেছেন সুজেয় শ্যাম। এ ছাড়া সম্মেলক গান থাকবে মোট নয়টি। এ আয়োজনে শিল্পীরা আসবেন লাল শাড়ি ও পাঞ্জাবি পরে।
দেশজুড়ে সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত গেয়ে শেষ করা হবে এই অনুষ্ঠান। দোয়েল চত্বর সংলগ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুইমিং পুলের প্রবেশপথ থেকে এই অনুষ্ঠানস্থলে ঢোকা যাবে।