সমব্যথী এমা
‘আর সবার মতো ক্রিস্টেনও একজন মানুষ। আর মানুষ মাত্রই ভুল করে।’ সম্প্রতি এমন উক্তি করে ক্রিস্টেন স্টুয়ার্টের পক্ষ নিয়েছেন ‘হ্যারি পটার’খ্যাত ব্রিটিশ অভিনেত্রী এমা ওয়াটসন। প্রেমিক রবার্ট প্যাটিনসনের সঙ্গে ক্রিস্টেনের প্রতারণা প্রসঙ্গে বলতে গিয়ে ২২ বছর বয়সী এমা মন্তব্য করেন, ‘প্রতিটি মানুষই ভুল করে। আর সবার মতো ক্রিস্টেনও ভুল করতেই পারে। এ ছাড়া, তাঁর বয়সও অনেক কম।’ এমা আরও বলেন, ‘ক্রিস্টেন-প্যাটিনসনের ব্যক্তিগত জীবন নিয়ে যে ধরনের টানা-হেঁচড়া চলছে তা বন্ধ হওয়া উচিত। বরাবরই নিজেদের প্রেমকে সাধারণ মানুষের দৃষ্টি থেকে যতটা সম্ভব দূরে রাখার চেষ্টা করেছেন তাঁরা।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে কন্ট্যাক্টমিউজিক। গত বছরের জুলাইয়ে নির্মাতা রুপার্ট স্যান্ডারসের সঙ্গে মার্কিন অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্টের পরকীয়ার খবর ও ছবি ফাঁসের পর থেকেই সবার কাছে ঘৃণার পাত্রে পরিণত হন ক্রিস্টেন। তাঁকে ছেড়ে চলে যান দীর্ঘদিনের প্রেমিক ও ‘টোয়াইলাইট’ সহ-তারকা রবার্ট প্যাটিনসন। নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত ক্রিস্টেন প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেন সবার কাছে। বারবার ভুল স্বীকার করে শেষ পর্যন্ত প্রেমিক প্যাটিনসনের ক্ষমা পান ২২ বছর বয়সী ক্রিস্টেন। কিন্তু কিছুদিন আগে আবারও চিড় ধরে তাঁদের সম্পর্কে।