সমরজিতে মুগ্ধ সন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুলশানের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে গতকাল সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী সমরজিৎ রায় l ছবি: প্রথম আলো
গুলশানের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে গতকাল সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী সমরজিৎ রায় l ছবি: প্রথম আলো

‘সারা দিন তোমায় ভেবে’, ‘আমি এত যে তোমায় ভালোবেসেছি’, ‘বধুয়া আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে’, ‘বসে আছি পথ চেয়ে ফাগুনের গান গেয়ে’, ‘অলিরও কথা শুনে বকুল হাসে’সহ বিচিত্র গানে গতকাল ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তন জমিয়েছিলেন সংগীতশিল্পী সমরজিৎ রায়। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে শুরু হওয়া পুরোনো দিনের বাংলা ও হিন্দি গান ছাড়াও তাঁর নিজের অ্যালবাম থেকে কিছু মৌলিক গান শুনিয়ে মুগ্ধ করেন দর্শক।
শিল্পীর গাওয়া গানের মধ্যে আরও ছিল ‘তারে বলে দিও, সে যেন আসে না আমার দ্বারে’, ‘যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে’, ‘যদি কাগজে লেখো নাম কাগজ ছিঁড়ে যাবে’, ‘ও চাঁদ সামলে রাখো জোছনাকে’, ‘না অভিমানে চলে যেও না’ ইত্যাদি। শেষ গান ছিল ‘বালমা মোরে ছোড়ে না যাই’।
এক দশকের বেশি সময় ধরে সমরজিৎ রায় দিল্লির গান্ধর্ভ মহাবিদ্যালয়ে সংগীত শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১০ সালে ভারতে প্রকাশিত হয়েছিল তাঁর প্রথম একক হিন্দি অ্যালবাম তেরা তসব্বুর। অ্যালবামটি ২০১১ সালে ভারতের জিমা অ্যাওয়ার্ড (গ্লোবাল ইন্ডিয়ান মিউজিক অ্যাওয়ার্ড) আসরে সেরা জনপ্রিয় মিউজিক অ্যালবাম বিভাগে মনোনয়ন পায়।