সমরজিতের গোধূলিবেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গানের রেকর্ডিংয়ে সমরজিৎ ও অন্বেষা
গানের রেকর্ডিংয়ে সমরজিৎ ও অন্বেষা

সমরজিতের সঙ্গে যখন শেষ দেখা হয় মাস ছয়েক আগে, তখন তাঁর মনে একটা দ্বিধা বাসা বেঁধেছিল। শিক্ষক ও শিল্পী—এই দ্বৈত সত্তার মিলন ঘটানো নিয়েই দ্বিধার সূত্রপাত।
আলাপের যেটুকু এখনো আবছায়ার মতো মনে আছে, তা হলো তিনি শিক্ষক বলে নিজের ভেতরের শিল্পীটা আর বেড়ে উঠতে পারছে না বলে মনে করছেন। নানা বৈচিত্র্যময় শিক্ষার্থীকে শেখাতে গিয়ে তাঁর কণ্ঠের ক্ষতি হচ্ছে। তাই তিনি ভাবছিলেন, কিছুদিন শিক্ষকতা থেকে দূরে থাকবেন। গাইবেন গান।
সেটাই বুঝি করে দেখালেন সমরজিৎ। কিছুদিন আগে ফেসবুকে একটা ছবি দিলেন অন্বেষার সঙ্গে। লিখলেন, ওঁর অ্যালবামের একটি গানে অন্বেষাও কণ্ঠ দিয়েছেন। হ্যাঁ, সেই অন্বেষা, বলিউডি গানে যাঁর কণ্ঠটা এখন খুব প্রয়োজনীয় হয়ে পড়েছে। আর ওঁর গাওয়া ‘বোঝে না সে বোঝে না’ গানটি তো অনেকেরই মুখে মুখে ফিরছে।
‘তোমার কাছে’ শিরোনামে সমরজিৎ আর অন্বেষার দ্বৈত কণ্ঠের গানটি প্রয়াত মৃণাল চক্রবর্তীর লেখা ও সুরে। অন্বেষা দত্তগুপ্ত কলকাতার জেএমডি স্টুডিওতে রেকর্ডিংয়ের আগে ১৫ মিনিটের মধ্যেই দ্বৈত গানটা তুলে নিলেন। সমরজিৎ বললেন, ‘গানটি গাইতে গাইতেই অন্বেষার চোখ-মুখ উজ্জ্বল হয়ে উঠছিল। পরে তিনি বলেছেন, এত মেলোডিয়াস গান করার সুযোগ সাধারণত প্রচলিত বাংলা বা হিন্দি সিনেমায় হয় না।’
শুরুতে অন্বেষা সম্পর্কেই জানতে চেয়েছিলাম। কিন্তু এ দেখি কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে এল! নতুন যে অ্যালবামের কাজটি করছেন সমরজিৎ, তাতে স্পর্শ আছে আরও অনেক গুণী মানুষের। এমনিতেই মান্না দের গান করতে পছন্দ করেন সমরজিৎ। তাই গত শতাব্দীর ষাটের দশকের মেলোডি নিয়ে তাঁর প্রবল আগ্রহ। সে মেলোডির কাছাকাছি পৌঁছানোর একটা পথ যেন এমনিতেই এসে ধরা দিয়েছিল। আর তার শুরু এক যুগ আগে।
স্বর্ণযুগের শিল্পী মৃণাল চক্রবর্তী বড্ড স্নেহ করতেন সমরজিৎকে। বছর বারো আগে তিনি তাঁর নিজের সংগীত পরিচালনায় সমরজিতের একটি মৌলিক গানের একক অ্যালবামের রেকর্ডিংয়ের কাজ শেষ করেছিলেন। কিন্তু অ্যালবামটি আর প্রকাশ পায়নি। সে সময়েই মৃণাল চক্রবর্তী সমরজিৎকে নিয়ে গিয়েছিলেন বিখ্যাত সুরকার ও সংগীত পরিচালক অজয় দাসের বাড়িতে। দুই বুড়ো আর এক তরুণের দিনভর আড্ডায় মিলল আলাদিনের আশ্চর্য প্রদীপ। সমরজিতের গানে মুগ্ধ হয়ে অজয় দাস বের করে দিলেন পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা চারটি গান! এ গানগুলোয় লাগল অজয় দাসের সুর! এ গান আজও কেউ গায়নি! সমরজিতের অ্যালবামের জন্য এই গানগুলো দিয়ে দিলেন অজয় দাস!
মৃণাল চক্রবর্তী আর অজয় দাস—দুজনেই আজ প্রয়াত। কিন্তু ওই যে তাঁরা সুরের আগুন জ্বালিয়ে দিলেন সমরজিতের মনে, সে আগুন তো আর নেভেনি। এত দিন পর যেন ষাটের দশকের নস্টালজিক গানের ধারায় মৌলিক গান করার সুযোগ এল সমরজিতের। এ অ্যালবামে স্বর্ণযুগের আরেক গুণী গীতিকার বটকৃষ্ণ দের লেখা গানও থাকবে।
আরও একজনের ব্যাপারে উচ্ছ্বসিত সমরজিৎ—প্রতাপ রায়! বেবীদা বললেই তাঁকে চেনে সবাই। বেবীদা দীর্ঘ ৩৩ বছর মান্না দের সঙ্গে অ্যাকোর্ডিয়ান বাজিয়েছেন। তিনিই বাজালেন সমরজিতের সঙ্গে!
অ্যালবামের সংগীত পরিচালনা করেছেন সমরজিৎ রায় নিজেই। সংগীতায়োজন করেছেন কলকাতার প্রখ্যাত সংগীত পরিচালক রকেট মণ্ডল।
অনেকেরই নিশ্চয়ই মনে পড়ে যাবে, ভারত সরকারের বৃত্তি নিয়ে দিল্লির গান্ধর্ভ মহাবিদ্যালয় থেকে শাস্ত্রীয় সংগীতে উচ্চশিক্ষা নিয়ে তিনি সবার মধ্যে প্রথম স্থান পান। এ পর্যন্ত তাঁর ঝুলিতে আছে ৮টি পুরস্কার। তেরা তসব্বুর অ্যালবামের জন্য তিনি ২০১১ সালে ভারতের জিমা অ্যাওয়ার্ডে ‘সেরা জনপ্রিয় অ্যালবাম’ বিভাগে মনোনয়ন পেয়েছিলেন।
অ্যালবামটির নাম দেওয়া হয়েছে গোধূলিবেলা। এ মাসেই অ্যালবামের পুরো কাজ শেষ হবে।