সমরজিতের 'দৃশ্যান্তর'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেঙ্গল গ্যালারিতে ‘দৃশ্যান্তর’ প্রদর্শনী দেখছেন শিল্পী ও অতিথিরা l ছবি: প্রথম আলো
বেঙ্গল গ্যালারিতে ‘দৃশ্যান্তর’ প্রদর্শনী দেখছেন শিল্পী ও অতিথিরা l ছবি: প্রথম আলো

শুরু হয়েছে বরেণ্য শিল্পী সমরজিৎ রায়চৌধুরীর ‘দৃশ্যান্তর’ শীর্ষক একক চিত্রকলা প্রদর্শনী। আয়োজন করেছে বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস। গতকাল শনিবার সন্ধ্যায় বেঙ্গল শিল্পালয়ে ১৭ দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক নজরুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য দেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী ও শিল্পী সমরজিৎ রায়চৌধুরী।

উদ্বোধনীর আনুষ্ঠানিকতা ছিল সংক্ষিপ্ত। শুরুতে সমবেত ব্যক্তিরা এক মিনিট নীরবতা পালন করেন প্রয়াত সংগীতব্যক্তিত্ব রামকানাই দাশের প্রতি শ্রদ্ধা জানিয়ে। লুভা নাহিদ চৌধুরী অনুষ্ঠানে ঘোষণা দিতে গিয়ে একাধিকবার স্মরণ করেন প্রয়াত শিল্পী সুবীর চৌধুরীকে। শিল্পী সমরজিৎ রায়চৌধুরী তাঁর বক্তব্যের শুরুতে জানালেন, প্রদর্শনী আয়োজন সম্পন্ন করার কথা ছিল সুবীর চৌধুরীর।

শিল্পী বললেন, ‘আমার কাজের বিষয়বস্তু পাখি, মাছ, ফুল সমন্বয়ে প্রকৃতি। কিছু ছবি আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাকে অবলম্বন করে করা; তা-ও প্রকৃতিকে ঘিরেই করা হয়েছে। বাংলার ষড়্ঋতুর বৈচিত্র্য তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের অতীত ঐতিহ্য যা নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, সেটাও শিল্পরূপ দিয়ে ধরে রাখার চেষ্টা করেছি।’ জানালেন, মায়ের করা বিভিন্ন সূচিকর্মের ডিজাইন এবং শৈশবের শহর কুমিল্লার অগ্রজ শিল্পীদের কাজ তাঁকে অনুপ্রাণিত করেছিল।

নজরুল ইসলাম বলেন, ‘৭৭ বছর বয়সে আঁকা এই শিল্পীর ছবি দেখে এখনো বিস্মিত হই। তাঁর ছবিগুলো আমাদের ভাবায়, আনন্দ দেয়। তিনি প্রকৃতি ও মানুষের শিল্পী।’
কাইয়ুম চৌধুরী বক্তব্য দিতে গিয়ে স্মৃতিচারণা করেন। বলেন, ‘আর্ট কলেজেই তার সঙ্গে পরিচয়। প্রথমে ছাত্র হিসেবে ওকে পেয়েছি। পরে ও আমার কলিগ হিসেবে যোগ দেয়। তার শিক্ষক জীবন অত্যন্ত সুনিয়ন্ত্রিত।’
প্রদর্শনী দেখতে এসেছিলেন অধ্যাপক আনিসুজ্জামান, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, শিল্পী হাশেম খান, মনিরুল ইসলাম, শহীদ কবির প্রমুখ। প্রদর্শনী ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।