সমরজিত্ রায়ের চতুর্থ অ্যালবাম
সমরজিত্ রায়ের সর্বশেষ অ্যালবাম ‘রবি রঞ্জনী’ প্রকাশিত হয় রবীন্দ্র-সার্ধশততম জন্মবার্ষিকীতে। কলকাতার রবীন্দ্রসদনে আয়োজিত কবি-প্রণাম অনুষ্ঠানে প্রকাশিত হয়েছে রবীন্দ্রনাথের রাগাশ্রয়ী গানের অ্যালবামটি। এতে তাঁর সঙ্গে আরও গান করেছেন ভারতীয় শিল্পী শাশ্বতী সেনগুপ্ত। এরই মধ্যে সমরজিত্ রায় নতুন অ্যালবামের কাজ শুরু করেছেন। এতে মোট গান থাকবে ১১টি। মৌলিক গানের এই অ্যালবামের বেশির ভাগ গানের কথা ও সুর প্রয়াত মৃণাল চক্রবর্তীর। এ ছাড়া পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা চারটি গানের সুর করেছেন অজয় দাস। তবে এখন পর্যন্ত অ্যালবামের নাম চূড়ান্ত করা হয়নি।সমরজিত্ বলেন, ‘দাদুর (মৃণাল চক্রবর্তী) কথামতো অ্যালবামের সব গানের রেকর্ডিং শেষ করেছি অনেক আগেই। কিন্তু সেগুলো পুরোনো ঢঙেই করা হয়েছে। ইচ্ছা আছে কথা ও সুর ঠিক রেখে গানগুলোকে সংগীতায়োজনের ক্ষেত্রে সময়োপযোগী করে উপস্থাপন করা। তাই খুব শিগগিরই নতুন সংগীতায়োজনে গানগুলোতে কণ্ঠ দেব। এ নিয়ে কয়েকজনের সঙ্গে কথাও হয়েছে। এ বছরের শেষ দিকে শ্রোতাদের হাতে অ্যালবামটি তুলে দিতে পারব বলে মনে করছি।’জানা গেছে, সমরজিত্ রায়ের মৌলিক গানের নতুন অ্যালবামটি প্রয়াত মৃণাল চক্রবর্তীতে উত্সর্গ করা হবে।উল্লেখ্য, সমরজিত্ রায় ২০০৫ সাল থেকে দিল্লির গন্ধর্ব মহাবিদ্যালয়ের উচ্চাঙ্গসংগীত (গায়ন) বিভাগে শিক্ষকতা করছেন। তিনি গন্ধর্ব মহাবিদ্যালয়ের সংগীত-বিশারদের চূড়ান্ত পরীক্ষায় ২০০৫ সালে সমগ্র ভারতের মধ্যে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেন। এ জন্য পণ্ডিত ডি বি পলুস্কর, সংগীতা বসন্ত বেন্দ্রে ও নলিনী প্রতাপ পুরস্কারে ভূষিত হন। এ ছাড়া ভারতের ‘প্রাচীন কলাকেন্দ্র’ থেকে উচ্চাঙ্গ সংগীত ও তবলায় বি মিউজ করেছেন তিনি।