সমরজিৎ ও শাশ্বতীর রাগাশ্রয়ী সংগীত
রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতার সত্যজিৎ রায় অডিটোরিয়ামে গতকাল শনিবার আয়োজন করা হয়েছিল রাগাশ্রয়ী রবীন্দ্রসংগীত এবং রাগাশ্রয়ী বাংলা ও হিন্দি গানের আসর। এই অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে রাগাশ্রয়ী রবীন্দ্রসংগীত পরিবেশন করেন শিল্পী সমরজিৎ রায়, আর ভারতের পক্ষে ছিলেন শাশ্বতী সেনগুপ্ত। গীতিকার বটকৃষ্ণ দের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে মঞ্চে সংগীত পরিবেশন করতে আসেন শাশ্বতী সেনগুপ্ত। তিনি উপস্থিত শ্রোতাদের পরপর আটটি গান গেয়ে শোনান। শাশ্বতী সেনগুপ্তের গান শেষ হওয়ার পর মঞ্চে আসেন বাংলাদেশি শিল্পী সমরজিত্ রায়। তিনিও সত্যজিৎ রায় অডিটোরিয়ামে উপস্থিত দর্শকদের পরপর বেশ কটি রাগাশ্রয়ী বাংলা ও হিন্দি গান গেয়ে শোনান।অনুষ্ঠানটি সম্পর্কে কলকাতা থেকে মুঠোফোনে সমরজিৎ রায় জানান, ‘শ্রদ্ধেয় শাশ্বতী সেনগুপ্তের মতো একজন নামকরা রবীন্দ্রসংগীত শিল্পীর সঙ্গে একসঙ্গে গান করতে পেরে বেশ ভালো লেগেছে। অনুষ্ঠানে আমি নিজস্ব অ্যালবাম থেকে বেশ কয়েকটি বাংলা ও হিন্দি গান পরিবেশন করি। এ ছাড়া নতুন অ্যালবামেরও কিছু গান করেছি।’জনপ্রিয় গজল ‘আজ জানে কি, জিদ না করো’ এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। উল্লেখ্য, শিল্পী সমরজিত্ রায় বেশ কয়েক বছর ধরে দিল্লির গান্ধর্ব মহাবিদ্যালয়ে উচ্চাঙ্গসংগীতে শিক্ষকতা করছেন।