সমরজিৎ চট্টগ্রাম থেকে দিল্লি

কলেজজীবনে সমরজিৎ ছিলেন বাংলা গানের পাগল। মান্না দের গান দারুণ খেলত গলায়। হারানো দিনের গান গেয়েও ঝড় তুলতেন শ্রোতাদের হূদয়ে। সিনেমা বলতেও ওই উত্তম-সুচিত্রা পর্যন্তই। হিন্দির কাছেপিঠেও ঘেঁষা নয়। বন্ধুরা গায়ে তকমা লাগিয়েছিল ‘সেকেলে’। কিন্তু সবকিছু পাল্টে দিল একটি শিক্ষাবৃত্তি। সংগীতে উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য গেলেন ভারতের দিল্লির গন্ধর্ব মহাবিদ্যালয়ে। সেই শুরু। প্রেমে পড়লেন হিন্দির। শেষে কিনা প্রথম একক অ্যালবামটিই বের হলো হিন্দিতে—তেরা তসব্বুর। সময়টা ২০১০ সাল।
ভারতের সংগীতপ্রতিষ্ঠান মিস্টিকা মিউজিক থেকে বের হওয়া তেরা তসব্বুর প্রত্যাশা ছাপিয়ে গেল। বাঘা বাঘা শিল্পীর অ্যালবামের সঙ্গে সমান তালে চলল এটিও। এর পরের দৃশ্যটা আরও চমৎকার। শুনুন সমরজিতের মুখেই, ‘একদিন মিস্টিকা মিউজিক থেকে ফোনে জানাল জিমা অ্যাওয়ার্ডের (গ্লোবাল ইন্ডিয়ান মিউজিক অ্যাওয়ার্ড) জুরিবোর্ড আমার জনপ্রিয় কয়েকটি গান সম্পর্কে জানতে চেয়েছে। বিষয়টি খুব বেশি আমলে নিইনি। কারণ, এত বড় অ্যাওয়ার্ডের জন্য আমার অ্যালবাম মনোনয়ন পাবে, তা কল্পনাতেও ছিল না। এভাবে কেটে গেল তিন-চার মাস। হঠাৎ ফোন জিমা অ্যাওয়ার্ডের জুরিবোর্ড থেকে। মুঠোফোনে জানাল, ২০১১ সালের জনপ্রিয় গানের অ্যালবাম বিভাগে মনোনয়নের জন্য সারা ভারত থেকে নির্বাচিত পাঁচটির মধ্যে একটি তেরা তসব্বুর। আমার তো চাঁদ হাতে পাওয়ার অবস্থা। সেরার পুরস্কার না পেলেও আক্ষেপ ছিল না। এ পর্যন্ত আসতে পারাটাই অনেক বড় পাওয়া।’ এখানেই শেষ নয়। প্রথম প্লেব্যাকও ভারতের মৈথিলি ভাষায় নির্মিত সিনেমা মুখিয়াজিতে।
প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয়ে কথা হয় সমরজিৎ রায়ের সঙ্গে। ছুটি কাটাতে এক মাসের জন্য দেশে এসেছেন তিনি।
বাঙালি গায়কের প্রথম হিন্দি অ্যালবামেই বাজিমাত। হিন্দিতে কাজ কি আরও এগোচ্ছে? বললেন, ‘হিন্দিতে এখন আরেকটি একক অ্যালবামের কাজ চলছে। একটি গানে জি টিভির সারেগামাপার লিটল চ্যাম্পস বিজয়ী সঞ্চিতা গাইবে আমার সঙ্গে। ইতিমধ্যে কয়েকটি গান রেকর্ডিং হয়েছে। বাকিটা দেশ থেকে গিয়ে শেষ করব।’
কক্সবাজারের চকরিয়ার ছেলে সমরজিতের বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। গানের সঙ্গে সখ্যও পুরোনো। সেই চার বছর বয়সে। ঘরে দুই দাদা যখন গান করতেন, তখন কান পেতে শুনতেন ছোট্ট সমরজিৎ। তা ছাড়া ক্যাসেট প্লেয়ারে মান্না দের গান শুনে তা হারমোনিয়ামে তুলে হুবহু গেয়ে ফেলতেন। বয়সের সঙ্গে পোক্ত হয় সুর-তাল। এর মধ্যে পুরোনো দিনের বাংলা ও মান্না দের গানের জন্য খ্যাতি ছড়াল। ২০০০ সালে ভারত সরকারের বৃত্তি নিয়ে সব ছেড়েছুড়ে পাড়ি জমালেন দিল্লিতে। ভর্তি হলেন গন্ধর্ব মহাবিদ্যালয়ে। সংগীতবিশারদে ছয় বছরের পড়া শেষে ফল হলো চমকে দেওয়ার মতো—সারা ভারতে প্রথম। এর স্বীকৃতিও মিলেছে। পেয়েছেন পণ্ডিত ডি বি পলুস্কর, বাসুদেব চিন্তামন বাগমারে, সংগীত বসন্ত বেন্দ্রে ও নলিনী প্রতাপ কানবিন্দে অ্যাওয়ার্ড। বর্তমানে গন্ধর্ব মহাবিদ্যালয়েই উচ্চাঙ্গসংগীতের শিক্ষক হিসেবে কর্মরত। সমরজিৎ গন্ধর্ব স্কয়ারের সদস্যও। এ ছাড়া তাঁর নিজের রয়েছে ‘রাগিণী’ নামের একটি সংগীত দল।
সংসারও পাতলেন দিল্লিতে। গাঁটছড়া বাঁধলেন দিল্লির মেয়ে চিত্রা যোশির সঙ্গে। বলা যায়, হিন্দি জাদু করেছে! শুনেই হা হা হা। ‘যা ভাবিনি তা-ই হলো। তাও একেবারে ঘরেও।’ বললেন সমরজিৎ। ভালোবেসে চিত্রার মন জয়? পাশে বসা চিত্রার মুখে তখন লাজুক হাসি। গড়গড় করে বলে চলেন সমরজিৎ, ‘তাকে শুরু থেকেই ভালো লাগত। শান্ত স্বভাবের। একেবারে সাদামাটা। সেটাই আমাকে কাছে টেনেছিল। তাদের পরিবারও আমাকে ভালো জানত। ব্যস, গত বছরের ২৮ মার্চ সিঁথিতে সিঁদুর পরালাম।’ চিত্রার দিকে মুখ ফেরাতেই লজ্জায় বাঙালি বধূর মুখটা আরও লাল। ভাঙা ভাঙা বাংলায় বললেন, ‘আমার কাছে বড্ড আপন মনে হয় এখানকার সবাইকে।’
বাঙালি গায়ক, বাংলা গানের অ্যালবাম থাকবে না, তা কী করে হয়! ২০০৯ সালে বের হয় প্রখ্যাত শিল্পী অনুপ জলোটার সঙ্গে আধুনিক গানের দ্বৈত অ্যালবাম অচেনা একটা দিন। অ্যালবামটিতে অনুপ জলোটা গেয়েছেন সমরজিতের সুরে। এরপর ২০১১ সালে বেরিয়েছে রবীন্দ্রসংগীতের দ্বৈত অ্যালবাম রবী রঞ্জনী। সর্বশেষ প্রথম বাংলা একক গানের অ্যালবাম এক চিলতে রোদ বের হয় ২০১২ সালের জানুয়ারিতে।
ভারতে গিয়ে স্বল্প সময়ে সমরজিৎ সান্নিধ্য পান বেশ কজন সুরসম্রাটের—মৃণাল চক্রবর্তী, জগজিৎ সিং ও মান্না দে। তাঁদের মধ্যে বাংলা গানের স্বর্ণযুগের শিল্পী প্রয়াত মৃণাল চক্রবর্তীর কথা উঠতেই গলা কিছুটা ধরে আসছিল তাঁর। বললেন, ‘তিনি আমার দাদুর মতো, খুব স্নেহ করতেন। তাঁর লেখা ও সুরে সাতটি এবং বিখ্যাত গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা ও অজয় দাশের সুরে তিনটি গান নিয়ে একটি অ্যালবাম করার কথা ছিল। করা হয়েছিল রেকর্ডিংও। কিন্তু পরে আর অ্যালবামটি বের হয়নি। যত তাড়াতাড়ি সম্ভব, সেটি প্রকাশ করব।’ সমরজিৎ বিভিন্ন সময় তালিম নিয়েছেন পদ্মশ্রী পণ্ডিত মধুপ মুদগল ও অজয় চক্রবর্তী এবং ওস্তাদ নির্মলেন্দু চৌধুরীর কাছে।
কথায় কথায় বেলা গড়ায়। অবশেষে দেশেও শুদ্ধ সংগীতচর্চা বাড়ানোর জন্য শিল্পীদের প্রতি আহ্বান জানিয়ে রাশ টানেন আড্ডার। আমাদেরও প্রত্যাশা, সাফল্যের চূড়ায় থাকুক গানের এই ফেরিওয়ালা—‘জয়তু সমরজিৎ’।