সমরজিৎ রায় জিমা অ্যাওয়ার্ডে মনোনয়ন পেলেন
বাংলাদেশের শিল্পী সমরজিৎ রায়ের হিন্দি গানের অ্যালবাম তেরা তসব্বুর ভারতের গ্লোবাল ইন্ডিয়ান মিউজিক অ্যাওয়ার্ডসের (জিমা) জন্য মনোনয়ন পেয়েছে। ‘পপুলার মিউজিক অ্যালবাম’ বিভাগে সমরজিৎ রায়ের সঙ্গে আরও মনোনয়ন পেয়েছেন আকৃতি কাকর (আকৃতি), অঙ্কুর তেওয়ারি (জান্নাত), কবিতা শেঠ (কবিরানা সুফিয়ানা), বিন্দু সুব্রামানিয়াম (সুরেন্দর) ও স্টেরিও নেশন (টুইস্ট অ্যান্ড শাউট)। পুরোপুরি গানের এই প্রতিযোগিতায় রয়েছে মোট ২১টি বিভাগ। সমরজিৎ রায় এখন দিল্লীর গান্ধর্ব মহাবিদ্যালয়ে শাস্ত্রীয়সংগীতে শিক্ষকতা করছেন। ভারতের মিষ্টিকা মিউজিক প্রতিষ্ঠান থেকে ২০১০ সালে তাঁর তেরা তসব্বুর প্রকাশিত হয়। ভারতের দিল্লি থেকে আজ শুক্রবার দুপুরে মুঠোফোনে সমরজিত্ রায় বলেন, ‘গত বছর এই বিভাগে পুরস্কার পেয়েছিলেন ভারতের সূফি গানের শিল্পী কৈলাশ খের। এই প্রতিযোগিতার ফিল্ম ও ননফিল্মের বিভিন্ন বিভাগে আশা ভোঁসলে, ওস্তাদ আমজাদ আলী খান, ওস্তাদ রশিদ খান, জগজিৎ সিং, হরিহরণ, এ আর রহমান, শ্রেয়া ঘোষাল, শংকর-এহসান-লয় থেকে শুরু করে ভারতের প্রায় সব বিখ্যাত শিল্পী ও তাঁদের কাজ মনোনয়ন পেয়েছে। সেখানে পপুলার মিউজিক অ্যালবাম বিভাগে এবার আমার তেরা তসব্বুর মনোনয়ন পেয়েছে, এটি নিঃসন্দেহে আমার জন্য অনেক সম্মানের ব্যাপার।’ আগামী সেপ্টেম্বর মাসে এই পুরস্কার দেওয়া হবে।