সমরজিৎ রায়ের 'প্রতিধ্বনি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমরজিৎ রায়
সমরজিৎ রায়

দিল্লি থেকে প্রকাশিত হতে যাচ্ছে বাংলাদেশি শিল্পী সমরজিৎ রায়ের হিন্দি গানের অ্যালবাম ‘প্রতিধ্বনি’। ২৩ জানুয়ারি অ্যালবামটির মোড়ক উন্মোচন করার জন্য সম্মতি দিয়েছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী অনুপ জালোটা।

‘প্রতিধ্বনি’ অ্যালবামে মোট সাতটি গান থাকছে। গানগুলোর কথা লিখেছেন সন্ত কবির, তুলসীদাস, মীরা বাঈ ও দীপক কালরা। সবগুলো গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন সমরজিৎ নিজেই। আর সংগীতায়োজন করেছেন রকেট মণ্ডল ও সমরজিৎ রায়। অ্যালবামে সমরজিৎ রায়ের সঙ্গে  একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন সাওনী মুদগল।

সমরজিৎ জানিয়েছেন, ‘প্রতিধ্বনি’ অ্যালবামটিতে বিভিন্ন রাগের ওপর সুর করা হিন্দি ভজনের আলাপ, তান, সরগমের বিশেষ প্রয়োগ করা হয়েছে। প্রায় দেড় বছর ধরে এ অ্যালবামের রেকর্ডিংয়ের  কাজ হয়েছে দিল্লি এবং কলকাতার স্টুডিওতে।

‘প্রতিধ্বনি’ অ্যালবামটি বাজারে আনছে মিস্টিকা মিউজিক। www.mysticamusic.com ওয়েবসাইটে প্রতিধ্বনি অ্যালবামের গান শোনা যাবে বলেই জানিয়েছেন শিল্পী সমরজিৎ। এ ছাড়া সমরজিতের সুফি ঘরানার হিন্দি গানের আরেকটি অ্যালবামও খুব শিগগির ভারতে প্রকাশিত হবে। অ্যালবামটির একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন জিটিভির সারেগামাপা লিটল চ্যাম্পসের ২০০৬ সালের চ্যাম্পিয়ন সঞ্চিতা।

উল্লেখ্য, গত ১০ বছর ধরে সমরজিৎ রায় দিল্লির গান্ধর্ভ মহাবিদ্যালয়ে সংগীত শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১০ সালে ভারতে প্রকাশিত হয়েছিল তাঁর প্রথম একক হিন্দি অ্যালবাম ‘তেরা তসব্বুর’। অ্যালবামটি ২০১১ সালে ভারতের জিমা অ্যাওয়ার্ড (গ্লোবাল ইন্ডিয়ান মিউজিক অ্যাওয়ার্ড) আসরে সেরা জনপ্রিয় মিউজিক অ্যালবাম বিভাগে মনোনয়ন পায়। এরপর শিল্পী অনুপ জালোটার সঙ্গে দ্বৈত বাংলা গানের অ্যালবাম ‘অচেনা একটা দিন’ প্রকাশ করেছিলেন সমরজিৎ। পরবর্তী সময়ে প্রকাশিত হয় সমরজিতের একক বাংলা গানের অ্যালবাম ‘এক চিলতে রোদ’।