
যত দিন সুস্থ ছিলেন, নিজের গানের কথা ও সুর নিজে শুনে তারপর গাওয়ার অনুমোদন দিতেন কাজী নজরুল ইসলাম। কালোত্তীর্ণ সুরস্রষ্টাদের অনুমতি ছাড়া তাঁদের সুর পরিবর্তন বা বিকৃত করে গাওয়া অনুচিত। পঞ্চকবির প্রত্যেকের গানের কথা ও সুরের ক্ষেত্রেই সেটি প্রযোজ্য।
গতকাল বুধবার সন্ধ্যায় নজরুল একাডেমীর উদ্যোগে দুই বাংলার শিল্পীদের অংশগ্রহণে শুরু হয়েছে সপ্তাহব্যাপী নজরুল সম্মেলন ২০১৫। উদ্বোধনী অনুষ্ঠানে নজরুলসংগীতের সুর বিকৃত করে গাওয়ায় আক্ষেপ প্রকাশ করে এই কথা বলেন নজরুল একাডেমীর অধ্যক্ষÿও শিল্পী খালিদ হোসেন। শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া ও কাজী নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজী। মো. ফজলে রাব্বী মিয়া বলেন, ‘বঙ্গবন্ধু নজরুলকে এ দেশে ফিরিয়ে আনার সঠিক সিদ্ধান্তটি নিয়েছিলেন বলেই আমরা এই কবির সাহচর্য পেয়েছিলাম।’ খিলখিল কাজী বলেন, ‘নজরুলের গান সমাজবদলের হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায়।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নজরুল একাডেমীর সভাপতি আশরাফ সিদ্দিকী। স্বাগত বক্তব্য দেন নজরুল একাডেমীর সাধারণ সম্পাদক মিন্টু রহমান। বক্তব্য দেন এ এম এম ফরহাদ, ম. মিজানুর রহামান, রবিন মুখোপাধ্যায়। মূল আলোচক ছিলেন মোহাম্মদ জাকীর হোসেন। অনুষ্ঠানে কলকাতার সাংস্কৃতিক সংগঠন অগ্নিবীণার শিল্পীদের ‘নজরুল সম্মেলন ২০১৫ শুভেচ্ছা ক্রেস্ট’ প্রদান করা হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুলের গান গেয়ে শোনান অগ্নিবীণা ও নজরুল একাডেমীর শিল্পীরা। আজ একই মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় দিনের অনুষ্ঠান শুরু হবে বিকেল সাড়ে পাঁচটায়।