সমান্তরাল সৌন্দর্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

জীবনকে অনুকরণ করেই শিল্পের সৃষ্টি। উইল স্মিথ অন্তত তা-ই মনে করেন। তাঁর নতুন ছবি কোলাটেরাল বিউটি নাকি সেই ধারণারই আরেক দৃষ্টান্ত। বললেন, এই চলচ্চিত্রে জীবন আর শিল্পের যে অপূর্ব সমন্বয় হয়েছে, সে রকম তিনি খুব কমই দেখেছেন।
ছবিটির কাহিনি নিউইয়র্কের একটি বিজ্ঞাপনী সংস্থার একজন সফল নির্বাহীকে নিয়ে। তিনি এক বেদনাদায়ক ঘটনায় জীবনে আগ্রহ হারিয়ে ফেলে সবকিছু থেকে পিছু হটতে শুরু করেন। ছয় বছর বয়সী মেয়ের মৃত্যুশোকে কাতর মানুষটিকে নিয়ে বন্ধুরাও খুব উদ্বিগ্ন। তাঁকে আবার জীবনস্রোতে যুক্ত করতে তাঁরা বিস্তর চেষ্টা করেন। এ রকম পরিস্থিতিতে তিনি মহাবিশ্বের কাছ থেকে কিছু প্রশ্নের উত্তর খোঁজেন। চিঠি লিখতে থাকেন ‘ভালোবাসা’, ‘সময়’ ও ‘মৃত্যুর’ কাছে। অদ্ভুত ব্যাপার হলো, তাঁর লেখাগুলোর জবাব আসতে শুরু করে। আর সেসব পড়ে তিনি অর্জন করেন নতুন জীবনবোধ। তাঁর উপলব্ধি হয়, পরিপূর্ণ একটা জীবনে বাধা-বিপত্তি অনবরত আসবে। আর গভীরতম ক্ষতি বা বেদনার এক ধরনের সৌন্দর্য আছে! কারণ, সেগুলো জীবনের কিছু তাৎপর্য শেখায় মানুষকে।

উইল স্মিথ
উইল স্মিথ

উইল স্মিথের ব্যক্তিগত জীবনেও সম্প্রতি এ রকম বেদনাদায়ক ব্যাপার ঘটেছে। তিনি বাবা উইলার্ড ক্যারল স্মিথ জুনিয়রকে হারিয়েছেন গত মাসে। এ প্রসঙ্গে উইল স্মিথ বললেন, কোলাটেরাল বিউটি ছবির প্রধান চরিত্রে কাজ করতে গিয়ে তিনি অনেক কিছু শিখেছেন। কারণ, ওই চরিত্রের সঙ্গে তাঁর ব্যক্তিগত কিছু বিষয় এত গভীর ও চমৎকারভাবে মিলে গেছে, যা অদ্ভুত ও বিস্ময়কর। আর তাঁর জীবনের এ সময়টাও কেমন যেন একই রকম, ওই লোকটির অবস্থার মতো। কাজেই সব মিলিয়ে এই চলচ্চিত্রে কাজ করাটা ছিল একজন অভিনেতা হওয়ার প্রচেষ্টায় চমৎকার একটা সুযোগ, পাশাপাশি একজন মানুষ হিসেবে বিকশিত হওয়ার জন্যও।
বেদনার সমান্তরালে যে সৌন্দর্য আমাদের অগোচরে থাকে, সেটাই ‘কোলাটেরাল বিউটি’। এর ব্যাখ্যায় উইল স্মিথ বললেন, অপূরণীয় ক্ষতি থেকে পাওয়া জীবনবোধই সেই সৌন্দর্য। এই ছবির বিষয়বস্তু তিনি অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি অনুভব করতে পারেন এখন। এটা নিতান্তই আবেগময় ব্যাপার নয়। বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে বেদনাও সইতে হয়।
ডেভিড ফ্র্যাঙ্কেলের পরিচালনায় গত সপ্তাহে মুক্তি পেয়েছে কোলাটেরাল বিউটি। এতে উইল স্মিথের সঙ্গে অভিনয় করেছেন হেলেন মিরেন, এডওয়ার্ড নরটন, মাইকেল পেনা, নাওমি হ্যারিস ও কিরা নাইটলি।
মিরেন বললেন, যেভাবে এই ছবির গল্পটা বলা হয়েছে, তা অপ্রত্যাশিত। সব মিলিয়ে চমৎকার। কারও কাছে এটাকে শীতল, কারও কাছে ভালো এবং কারও কাছে একেবারে ভয়ানক মনে হতে পারে!
পরিচালক ফ্র্যাঙ্কেলের ভাষ্য, এই ছবিতে নাটকীয়তা ও হাস্যরসের ভারসাম্য রাখাটাই ছিল সবচেয়ে কঠিন কাজ। তবে এই ছবিতে নাটকীয়তাই প্রাধান্য পেয়েছে।
আশিস আচার্য
পিপল, রয়টার্স ও মুভি ইনসাইডার অবলম্বনে