সমালোচক পুরষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজ্জাক ও কবরী অভিনীত দর্পচূর্ণ ছবির ‘তুমি যে আমার কবিতা’ গানের সঙ্গে অভিনয় করেন ইমন ও নিপুণ
রাজ্জাক ও কবরী অভিনীত দর্পচূর্ণ ছবির ‘তুমি যে আমার কবিতা’ গানের সঙ্গে অভিনয় করেন ইমন ও নিপুণ

মাহফুজুর রহমান
অনেক বছর ধরেই চলচ্চিত্রশিল্পের সঙ্গে যুক্ত থেকে ভালো ছবির পৃষ্ঠপোষকতা করে আসছি। এরই ধারাবাহিকতায় বৃহন্নলা নির্মাণ। ছবিটি এরই মধ্যে আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসা কুড়িয়েছে। ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’-এর এবারের আসরে সমালোচকদের রায়ে সেরা ছবি হিসেবে বৃহন্নলা নির্বাচিত হওয়ায় আরও ভালো লাগছে। অনুষ্ঠানে থাকতে পারলে আরও ভালো লাগত।
মোস্তফা সরয়ার ফারুকী
একটা সময়, যে পরিচালকেরা এ পুরস্কারের জন্য মননোয়ন পেতেন, তাঁরা হতেন ‘টক অব দি ইন্ডাস্ট্রি।’ পরের বছর তাঁরা ইন্ডাস্ট্রিকে অনেকটা শাসন করতেন। একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে বলতে চাই, গত পাঁচ-ছয় বছরে ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’ নমিনেশন ও পুরস্কার প্রদানের ক্ষেত্রে সেই ধার হারিয়েছে। এটা কীভাবে ফিরিয়ে আনা যায়, তা কর্তৃপক্ষকে ভাবতে হবে।
আরিফিন শুভ
সমালোচক পুরস্কার বিভাগের সঙ্গে যুক্ত থাকেন দেশের গুণী সব মানুষ। তাঁদের চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে আমার সেরা অভিনেতা হওয়ার ব্যাপারটি নিঃসন্দেহে অনেক বেশি আনন্দের ও সম্মানের। আমার জীবনের প্রথম পুরস্কার এটি। দারুণ আনন্দ হচ্ছে! সবাই দোয়া করবেন, সামনের দিনগুলোতে যেন অনেক ভালো কাজ সবাইকে উপহার দিতে পারি।

মৌসুমী
অনেক ভালো লাগছে। শুটিংয়ের জন্য বাইরে ছিলাম, তাই যেতে পারিনি। কিন্তু যখন পুরস্কার পাওয়ার খবরটা পেলাম, ওই মুহূর্তের অনুভূতির কথা বলে বোঝাতে পারব না। অনুষ্ঠানটা দারুণ মিস করেছি।

মোহাম্মদ ফারুক
এটি আমার প্রথম স্বীকৃতি। পুরস্কারপ্রাপ্তির এই সুন্দর মুহূর্তে আমি আমার শিক্ষককে স্মরণ করছি, যার কাছে আমার হাতেখড়ি। নিশ্চয় আরও ভালো কাজ করতে এ পুরস্কার আমাকে উৎসাহ জোগাবে।

সন্ধ্যা ছয়টায় শুরু হয় মূল অনুষ্ঠান। প্রায় ঘণ্টা তিনেকের এ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে মাছরাঙা টেলিভিশন
সন্ধ্যা ছয়টায় শুরু হয় মূল অনুষ্ঠান। প্রায় ঘণ্টা তিনেকের এ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে মাছরাঙা টেলিভিশন

অমিতাভ রেজা
অনেক দিন পর টেলিভিশনের জন্য এ কাজটি করেছি। আমি চাই সবাই টেলিভিশনের জন্য কাজ করুক। নাটকের ভাবনাটা ছিল মূলত মানুষের প্রফেশনাল প্যাশনের সঙ্গে সংসার জীবনের দ্বন্দ্বের ওপর। টেলিভিশনে নাটকটা কতজন দেখতে পেরেছে, জানি না। কারণ, টেলিভিশনে প্রচার ঠিকমতো হয় না। সবচেয়ে অনুপ্রেরণার কথা ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’ জুরিবোর্ডের এটা ভালো লেগেছে, এ ছাড়া নাটকে অভিনয়ের জন্য সান্জিদা প্রীতিও পুরস্কার পেয়েছে।
মনিরুল ইসলাম রুবেল
যখন জানলাম আমি বিচারকদের মনোনয়ন পেয়েছি, সেটাকেই স্বীকৃতি হিসেবে নিয়েছিলাম। এখন এ পুরস্কার হাতে পেয়ে আমি যেমন ভীষণ অনুপ্রাণিত বোধ করছি, তেমনি বাড়তি দায়িত্ব হিসেবেও মনে হচ্ছে। নিশ্চয় ভবিষ্যতের কাজগুলো সুন্দর করতে পাথেয় হবে এ পুরস্কার।
রওনক হাসান
আমি ভীষণ আনন্দিত এ পুরস্কার পেয়ে। সত্যিই, রাতারগুল একটি অসাধারণ কাজ। এর পুরো কৃতিত্ব পরিচালক সুমন আনোয়ার ও তাঁর দলের। আমার পরিবার, আমার দল নাগরিক নাট্যসম্প্রদায়, নাট্যগুরু আলী যাকের এবং যাঁরা আমাকে আমার প্রতিকূল সময়ে সাহস ও উৎসাহ দিয়েছেন, তাঁদের প্রতি ভালোবাসা।

সান্জিদা প্রীতি
কাজ তো করছি অনেক দিন, আমি ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’ এবারই প্রথম পেলাম। পুরস্কারটি আমার কাছে একদমই অপ্রত্যাশিত ছিল। খুবই ভালো লাগছে। আমাকে পুরস্কৃত করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।

ওয়াহিদ আনাম
এ পুরস্কার আমি পুরো দলের সদস্যদের উৎসর্গ করছি, যাদের শ্রম আর সহযোগিতায় কাজটি আলোর মুখ দেখেছে। পুরস্কারপ্রাপ্তি সব সময় একটি বিশেষ ব্যাপার। এ অনুভূতি অল্প শব্দে বোঝানো যায় না। যদি সে পুরস্কার হয় বিশেষ পরিচালক হিসেবে বিশেষ পুরস্কার, সত্যিই অনেক অনুপ্রেরণা জোগাবে আমার পরবর্তী কাজে।
গ্রন্থনা: মনজুর কাদের, হাবিবুল্লাহ সিদ্দিক, সজীব মিয়া ও আবদুল ওয়াজেদ