সমীরণের ‘শেকড়ের গান’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকৃতি থেকে পাওয়া গাছের শিকড়-বাকড়, শাখা-প্রশাখা আর কাণ্ড নিয়েই শিল্পসাধনা সমীরণ দত্তের। পরিত্যক্ত ডালপালা, লতা-বাকল শিল্পী সমীরণ দত্তের হাতে পড়ে হয়ে উঠেছে দৃষ্টিনন্দন শিল্পকর্ম। কখনো তা ব্যবহারের উপযোগী সামগ্রী। গতকাল ‘শেকড়ের গান’ নামে ধানমন্ডির শিল্পাঙ্গনে শুরু হয়েছে তাঁর অষ্টম একক প্রদর্শনী।সোমবার বিকেলে ছায়াকর কমিউনিকেশনসের আয়োজনে এই প্রদর্শনীর উদ্বোধন করেন কবি ও স্থপতি রবিউল হুসাইন। বিশেষ অতিথি ছিলেন শিল্পী শিশির ভট্টাচার্য্য।গ্যালারিতে বিপুল দর্শকের উপস্থিতি। কেউ এসেছেন শিল্পকর্মগুলো দেখতে, কেউবা এসেছেন সেখান থেকে পছন্দেরটি কিনতে। সমীরণ দত্ত বলেন, ‘গাছের যেসব শেকড়-বাকড় মাটির ওপর উঠে আসে, সেসব দেখতে ছোটবেলা থেকেই আমার ভালো লাগত। বন্ধুরা যখন খেলতে যেত, তখন আমি ওই সব শেকড়ের পাশে বসে ভাবতাম। তারপর বড় হয়ে আপন মনেই এসব ফেলনা কাঠ আর শেকড়ে সিরিশ কাগজ দিয়ে ঘষাঘষি করতাম। ওই কাঠগুলো বিভিন্ন বস্তুর আকার পেত। আমার এই শিল্পকর্মগুলো যেমনই হোক না কেন, এই ফেলনা সম্পদকে কেন্দ্র করে আমি একটা কর্মসংস্থানের ক্ষেত্র তৈরির চেষ্টা করছি।’ তিনি প্রকৃতি থেকে পাওয়া উপকরণ কখনো অবিকল রেখে দেন, কখনো তা কেটেছেঁটে বিশেষ কোনো অবয়ব বা আকৃতিতে রূপান্তর করেন।এবারের প্রদর্শনীতে প্রধানত লিচু ও মেহগনিগাছের শিকড়ের ভাস্কর্য, নান্দনিক আসবাব এবং গৃহসজ্জার নানান উপকরণ স্থান পেয়েছে। দৈনন্দিন কাজে লাগে অথচ বাজারের গড়পড়তা সামগ্রীর মতো নয়, এমন করেই নানা ধরনের সামগ্রী উপস্থাপন করেছেন তিনি।সমীরণ দত্ত ১৯৯৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর করে কিছুদিন বিভিন্ন প্রতিষ্ঠানে হিসাবরক্ষক হিসেবে কাজ করলেও এই পেশা আঁকড়ে থাকেননি। তাঁর আগ্রহ ছিল প্রকৃতির দৃশ্যপট থেকে নানা রকম আকার-আকৃতি খুঁজে বেড়ানো। একেই পেশা হিসেবে গ্রহণ করেছেন। প্রদর্শনী চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত।