সমীরনের বটতলা বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রদর্শনীর শিরোনাম ‘বটতলা বাজার’। প্রকৃতিপ্রেমী ভাস্কর সমীরন দত্তের দৃষ্টিনন্দন ভাস্কর্য ও ব্যবহারোপযোগী আসবাবের এই প্রদর্শনী শুরু হয়েছে ধানমন্ডির শিল্পাঙ্গন গ্যালারিতে। গতকাল শুক্রবার বিকেলে এর উদ্বোধন করেন ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী এবং আইসিবির সভাপতি পারভীন মাহমুদ। এটি শিল্পীর পঞ্চম একক প্রদর্শনী।সমীরন দত্ত প্রকৃতি থেকে পরিত্যক্ত কাঠ নিয়ে তৈরি করেছেন দৈনন্দিন কাজে ব্যবহারোপযোগী নানা সামগ্রী। এর মধ্যে আছে চেয়ার, টেবিল, ফুলদানি, কলমদানি ইত্যাদি। আছে ঘরের নানা রকম শোভাবর্ধক সামগ্রী ও শিশুদের খেলনা। শিল্পীর হাতে তৈরি দৃষ্টিনন্দন এসব সামগ্রী একই সঙ্গে ভাস্কর্যও। এসবের গঠনশৈলী ও প্রকৃতিপ্রদত্ত রং দর্শকদের মুগ্ধ করে।উদ্বোধনী আনুষ্ঠানিকতার পর শিল্পরসিক দর্শক ও গণমাধ্যমকর্মীরা গ্যালারিতে ভিড় করেন। নিজের কর্ম সম্পর্কে শিল্পী সমীরন দত্ত বলেন, ‘বটতলা বাজার’ মূলত এক আনন্দ আয়োজন। উদ্যোক্তা, কর্মী, দর্শনার্থী, সংগ্রাহক, বন্ধু ও সহকর্মীর সম্মিলিত আনন্দ। সেই সঙ্গে শিল্পচর্চার আনন্দ, সৃষ্টিশীলতার আনন্দ, ফেলনা বস্তুকে প্রয়োজনীয় করে তোলার আনন্দ, বিকল্প কর্মসংস্থানের আনন্দ।’সমীরন দত্ত ১৯৬৮ সালের ২ ডিসেম্বর চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৩ বছর ধরে প্রাকৃতিক নানা উপাদান নিয়ে এ ধরনের ব্যবহারোপযোগী ভাস্কর্য সৃষ্টি করে চলেছেন। প্রদর্শনীতে মোট ৮২টি শিল্পকর্ম উপস্থাপিত হয়েছে। প্রদর্শনী চলবে ২২ মে পর্যন্ত। প্রতিদিন গ্যালারি খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত।