সমুদ্রতীরে রাতের শুটিং আর সূর্যের সঙ্গে যুদ্ধ!
রাতের ঘন অন্ধকারের সঙ্গে সঙ্গে হঠাৎ এক অশুভ ছায়া নেমে এসেছে প্যারাডাইস আইল্যান্ডে। যম্বিদের (মৃত ব্যক্তির চলমান দেহ) মুখোমুখি জারা আর লাবণী। সবাই ভীত ও আতঙ্কিত। বিশেষ করে জারার বান্ধবী শ্রাবন্তী। সে যেন তার মৃত প্রেমিক আদনানকে দেখতে পাচ্ছে। রিসোর্টের প্রতারক কেয়ারটেকার ও ভীত ম্যানেজার ভয়ে লুকিয়ে আছে কোথাও। রিসোর্টের অতিথিরা সবাই নির্জন দ্বীপে একা হয়ে পড়ে। নিকষ অন্ধকারের মুখোমুখি তারা। জারা আর লাবণীর সাহসিকতা আর মনোবল কি পারবে সবাইকে রক্ষা করতে? এমনি উত্তেজনাপূর্ণ ও রহস্যময় গল্প নিয়ে বিবিসি প্রযোজিত বিশ্বাস ধারাবাহিকের এবারের পর্ব।বিবিসি সূত্রে জানা গেছে, রহস্যময় এই দৃশ্যগুলো চমৎকারভাবে ফুটিয়ে তুলতে পর্দার পেছনের ঘটনাগুলোও কম রোমাঞ্চকর নয়। যেকোনো নাটকের জন্যই রাতে শুটিং করা বিশাল চ্যালেঞ্জ। এমনকি বিবিসির দক্ষ ও প্রশিক্ষিত কলাকুশলীদের জন্যও তা সহজ ছিল না। রাতের দৃশ্যগুলো যথাযথভাবে তুলে ধরতে অন্য সময়ের থেকে অনেক বেশি সূক্ষ্ম নিয়মকানুন মেনে কাজ করতে হয়। কারণ সূর্যের উদয় তো আর থামিয়ে রাখা যাবে না। বাধ্য হয়েই শুটিং বন্ধ। আবার গভীর রাতের জন্য অপেক্ষা। আরও নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে বিশ্বাস ধারাবাহিকের এই পর্বের কাজ করতে গিয়ে। পর্বটি দেখা যাবে বিটিভিতে আজ সন্ধ্যা ছয়টা ৫০ মিনিটে। এর পরই থাকবে ধারাবাহিকটির অংশবিশেষ আর মজার সব খেলা নিয়ে ইংরেজি শেখার ধারাবাহিক শিক্ষামূলক অনুষ্ঠান বিবিসি জানালা-মজায় মজায় শেখা।