সমুদ্রসৈকতে আদিবাসী মেলা
কক্সবাজার সমুদ্রসৈকত গতকাল বিকেলে আদিবাসী তরুণ-তরুণীদের নাচগানে উৎসবমুখর হয়ে উঠেছিল।পাহাড়ে বসবাসরত ১৯টি সম্প্রদায়ের শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো আদিবাসী মেলা। ভ্রমণে আসা হাজার হাজার পর্যটক বালুচরে দাঁড়িয়ে নৃতাত্ত্বিক এই জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী সাংস্কৃৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। বাংলাদেশ পর্যটন করপোরেশন ও চ্যানেল আই যৌথভাবে এই মেলার আয়োজন করে।বিকেল সাড়ে তিনটায় সৈকতের লাবণী পয়েন্টে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য এই অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় সংসদের আদিবাসী ককাসের চেয়ারম্যান সাংসদ রাশেদ খান মেনন। শুভেচ্ছা বক্তব্য দেন পর্যটনসচিব শফিক আলম মেহেদী, পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. হেমায়েত উদ্দিন তালুকদার, চ্যালেন আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর প্রমুখ। কক্সবাজার, পার্বত্য বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, সিলেট, রাজশাহীতে বসবাসরত ১৯টি আদিবাসী গোষ্ঠীর দুই শতাধিক তরুণ-তরুণী মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আদিবাসীদের তৈরি নানা পণ্য নিয়ে ৩৪টি স্টল খোলা হয় মেলায়।