সম্পন্ন মানুষ গড়ার কাজে দুই দশক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনন্দময় চর্চায় সম্পন্ন মানুষ গড়ার চেতনা থেকে গড়ে তোলা হয়েছিল সংস্কৃতি বিকাশ কেন্দ্র। নিয়মিত পাঠচক্র, আলোচনা, গ্রন্থাগার, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে চলছে সংগঠনের কার্যক্রম। গতকাল বৃহস্পতিবার ছিল সংস্কৃতি বিকাশ কেন্দ্রের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে প্রীতিসমাবেশ, স্মৃতিচারণা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সংগঠনের পরিবাগের কার্যালয়ে।আলোচনা পর্বে স্বাগত বক্তব্য দেন কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক লিয়াকত আলী। তিনি বলেন, আজ ২১ বছরে পা দিয়েছে সংস্কৃতি বিকাশ কেন্দ্র। দিনটি কেন্দ্রের সঙ্গে জড়িত সবার জন্যই আনন্দের। তবে এর সঙ্গে সংগঠনের দায়িত্বও বেড়েছে। সবার সহযোগিতায় কেন্দ্র তার অভীষ্ট লক্ষ্যে এগিয়ে যাবে। এ পর্বে স্মৃতিচারণা করেন বাকশিল্পী আশরাফুল আলম।সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরু হয় অটিজম শিশু নাফিজ শাহরিয়ারের গান দিয়ে। সঙ্গে তার মা ফারহানা আলম যন্ত্র বাজিয়ে সহযোগিতা করেন। নাফিজ ‘দেখছো কি তাকে ওই নীল নদীর তীরে’ এবং রবীন্দ্রসংগীত ‘প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে’ গান দুটি গেয়ে শোনায়। জান্নাত ই ফেরদৌসী গান গেয়ে শোনান দিজেন্দ্রলাল রায়ের ‘আজি নতুন রতনে ভূষণে যতনে প্রকৃতি সাজিয়ে দাও’। কবিতা আবৃত্তি করেন শরীফ হোসেন, শ্যামল দাস ও সাইন হোসাইন।অনুষ্ঠানের শেষ পর্বে ছিল ধ্রুপদি সংগীতানুষ্ঠান। গভীর রাত পর্যন্ত চলে এই পর্ব। এতে বাঁশিতে সুরের লহরী তোলেন ওস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলাম। কণ্ঠসংগীতে ছিলেন ফারুক ওয়াহিদ ও মতিয়ার রহমান।