সম্পর্ক ভাঙছে সাজিদ-জ্যাকুলিনের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্মাতা সাজিদ খানের সঙ্গে শ্রীলঙ্কান বংশোদ্ভূত বলিউডের অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের প্রেমের সম্পর্ক ভাঙছে। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ‘মিড-ডে’। বেশ কিছুদিন ধরেই এ জুটির প্রেমে ভাঙনের গুঞ্জন চলছে। অবশ্য তাঁদের কেউই এ বিষয়ে খোলাসা করে কিছু জানাননি। সম্প্রতি জ্যাকুলিনের কাছের একটি সূত্র দাবি করেছে, সাজিদের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে গিয়ে হাঁপিয়ে উঠেছেন জ্যাকুলিন। এজন্য সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই তিনি এমনটা করতে চান। সূত্রটি আরও জানিয়েছে, এই মুহূর্তে কেবল ক্যারিয়ারের পেছনেই সমস্ত মনোযোগ কেন্দ্রীভূত রাখতে চান জ্যাকুলিন। আপাতত থিতু হওয়ার কোনো রকম পরিকল্পনা তাঁর নেই। গত বছরের অক্টোবরে খবর রটেছিল, জ্যাকুলিনের বাবা-মার সঙ্গে দেখা করে বিয়ের পরিকল্পনার কথা জানিয়েছিলেন সাজিদ। তখন জ্যাকুলিনও বিয়ের কথা ভাবছিলেন। কিন্তু এখন সেই সিদ্ধান্ত থেকে তিনি সরে এসেছেন। বলিউডে শক্ত একটি অবস্থান করে নেওয়াটাকেই বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন তিনি।ইদানীং এই জুটির মধ্যে যথেষ্ট দূরত্ব সৃষ্টি হয়েছে। গত বছর বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে হাজির হতে দেখা গেলেও, ২০১৩ সালে মাত্র একটি অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়েছেন তাঁরা।এক দশক আগে মডেল ও অভিনেত্রী গহর খানের সঙ্গে বাগদান সেরেছিলেন সাজিদ। কিন্তু শেষ পর্যন্ত তাঁদের সম্পর্ক আর এগোয়নি। পরেও একজন মডেল, উপস্থাপক ও ছোট পর্দার অভিনেত্রীর সঙ্গে প্রণয়ে জড়িয়েছিলেন সাজিদ। কিন্তু সেই সম্পর্কও টেকেনি। অন্যদিকে, সাজিদের প্রেমে পড়ার আগে বাহরাইনের রাজ পরিবারের এক সদস্যের সঙ্গে চুটিয়ে প্রেম করেছিলেন জ্যাকুলিন।