সম্পর্ক ভাঙার খবর অস্বীকার সাইফের
দুজনই ব্যস্ত। ব্যস্ততার পরিমাণটা এতই বেড়েছে, কেউ কাউকে সময়ই দিতে পারেন না। এ কারণে কারিনা-সাইফের চার বছরের সম্পর্কে নাকি ভাঙনের সুর শোনা যাচ্ছে। তবে গণমাধ্যমে প্রকাশিত এই খবর অস্বীকার করেছেন সাইফ আলী খান।‘আমি ভক্ত ও শুভানুধ্যায়ীদের আবারও নিশ্চিত করে বলতে চাই, কারিনার সঙ্গে আমার সম্পর্ক ঠিক আগের মতোই রয়েছে। আমরা দুজনই কঠোর পরিশ্রম করছি ঠিক। তবে এর মাঝেই আমরা একজন আরেকজনের জন্য সময় বের করি। আমাদের নিয়ে যে গুঞ্জন চলছে, তা খুবই বিরক্তিকর ও পুরোপুরি ভিত্তিহীন। দুজনই খুব ভালো আছি। এর বেশি কিছু বলতে চাই না আমি’—নিজেদের অবস্থান স্পষ্ট করে বলেছেন সাইফ।সাইফ-কারিনার ঘনিষ্ঠ একটি সূত্র টাইমস অব ইন্ডিয়াকে জানায়, সম্পর্ক ভাঙার খবর প্রকাশিত হওয়ার পর বেশ বিব্রতকর অবস্থায় পড়ে যায় এই জুটি ও তাঁদের পরিবার। দুজনই তাঁদের সম্পর্কের ব্যাপারে বরাবরই খোলামেলা। কিন্তু অকারণে এমন গুঞ্জন ছড়িয়ে পড়ায় মর্মাহত হয়েছেন কারিনা ও সাইফ।ব্যস্ততার কারণে বলিউডের এই তারকা-জুটির প্রেমে ভাঙনের খবর গতকাল রোববার প্রকাশ করে এনডিটিভি। খবরে বলা হয়, ভাঙনের পেছনে ব্যস্ততাই একমাত্র কারণ নয়। একসঙ্গে অভিনীত প্রথম ছবিতে দীপিকা পাডুকন ও সাইফ আলী খানের একটা চুম্বনের দৃশ্য ছিল। এখান থেকেই নাকি সাইফের সঙ্গে ভুল বোঝাবুঝির শুরু কারিনার। চুম্বনের দৃশ্যটি যে ভালো লাগেনি, তা ‘প্রেমিক’ সাইফকে স্পষ্ট করে জানিয়েও দেন কারিনা কাপুর। সঙ্গে ছোটখাটো কিছু বিষয় তো আছেই!টাইমস অব ইন্ডিয়া জানিয়েছিল, অভিনয়ের পর অবসর সময়ে কারিনাকে কাছে পেতে চান সাইফ। কিন্তু অতি ব্যস্ততার কারণে ছুটির দিনগুলোতেও সাইফের কাছে থাকতে পারছেন না কারিনা। শুটিংয়ের ফাঁকে সাইফের সঙ্গে ফোনে কথা বলার সময় কারিনাকে নাকি কাঁদতেও দেখা গেছে। ওয়েবসাইট।