সম্পাদনার টেবিলে ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’
শেষ হয়েছে কবি নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে মাসুদ পথিক পরিচালিত ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’-চলচ্চিত্রের চিত্রগ্রহণের কাজ। সরকারি অনুদান পাওয়া এই চলচ্চিত্রের সম্পাদনার প্রস্তুতি চলছে। নির্মাতা মাসুদ পথিক জানিয়েছেন, ‘গত ২৬ মার্চ ছবির শুটিং শুরু করেছিলাম। এখন এর সম্পাদনার প্রস্তুতি নিচ্ছি। চূড়ান্ত সম্পাদনার কাজ করব কলকাতায়। আশা করছি, ৩১ ডিসেম্বরের মধ্যে ছবিটি মুক্তি দিতে পারব।’ মাসুদ পথিক আরও বলেন, ‘এই ছবির অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক রয়েছে। বাংলাদেশের কৃষকসংগ্রামের ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা, গ্রামবাংলার মানুষের জীবনাচার ও বাস্তব চিত্রের মর্মগাথা ভিন্ন দৃষ্টিভঙ্গিতে চিত্রায়ণের চেষ্টা করা হয়েছে ছবিতে। ছবিটি সরল কাহিনির ওপর ভিত্তি করে এগোলেও চলচ্চিত্রের ভাষা ও শৈলীগত নৈপুণ্যের দিকটি সার্থক করার চেষ্টা করেছি।’ ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ ছবির সংগীত পরিচালনা করেছেন বেলাল খান, মুশফিক লিটু, প্রিন্স মাহমুদ, সাইম রানা ও মাহমুদ সেলিম। গান গেয়েছেন বারী সিদ্দিকী, মমতাজ, বেলাল খান, পড়শি, প্রিয়াঙ্কা গোপ, সাইম রানা, দিদারুল করিম, বাপ্পিরাজ, বাদল শহীদ প্রমুখ। গানগুলো লিখেছেন মাসুদ পথিক, নির্মলেন্দু গুণ, অসীম সাহা ও সাইম রানা। ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ ছবিতে কবি চরিত্রে নির্মলেন্দু গুণ এবং কবির তরুণ বয়সের চরিত্রে অভিনয় করেছেন সৈয়দ জুবায়ের। অন্যান্য চরিত্রে রয়েছেন প্রবীর মিত্র, মামুনুর রশীদ, জুয়েল জহুর, সিমলা, অসীম সাহা, রেহানা জলি, এহসানুর রহমান, বেগম মন্টু, হাসি বুবু, শেখ সাহেদ আলী, সোহেল বয়াতি, কবিন্দ্র মল্লিক, হাসান আরিফ, ফারহানা শুচি, মহসিন খোন্দকার, মাসুম খান, বাহার খান, মিতুল, হিমু, অমল রায় প্রমুখ।